ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘আ প্যাসেজ টু ইন্ডিয়া’য় আলী ফজল, সঙ্গে নাসিরুদ্দিন শাহ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:১৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

এমি পুরস্কারজয়ী নির্মাতা রিচি মেহতার পরিচালনায় ই এম ফরস্টারের বিখ্যাত উপন্যাস ‘আ প্যাসেজ টু ইন্ডিয়া’ অবলম্বনে নির্মিত হচ্ছে পাঁচ পর্বের নতুন সিরিজ। এতে প্রধান চরিত্র ড. আজিজের ভূমিকায় অভিনয় করবেন ভারতীয় অভিনেতা আলী ফজল। ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) ও কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) যৌথভাবে সিরিজটি নির্মাণ করছে। ভারতে হবে এর শুটিং।

উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ড. আজিজ। সাংস্কৃতিক পার্থক্য সত্ত্বেও মানুষের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনায় বিশ্বাসী এই চিকিৎসকের জীবন একটি বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে বদলে যায়। ঘটনাটি ঘিরে শুরু হয় আইনি লড়াই। এর মধ্য দিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক ভারতের সামাজিক বৈষম্য, বর্ণবাদ, পক্ষপাত ও ক্ষমতার দ্বন্দ্ব তুলে ধরা হবে সিরিজে।

আন্তর্জাতিক এই প্রজেক্টে আলী ফজলের সঙ্গে অভিনয় করছেন আরও একাধিক পরিচিত মুখ। ফিল্ডিং চরিত্রে থাকছেন টম মিসন। মিসেস মুরের ভূমিকায় অভিনয় করবেন বাফটা পুরস্কারজয়ী অভিনেত্রী ফিওনা শ। তাঁর ছেলে রনির চরিত্রে দেখা যাবে গুইলিম লিকে। আর অ্যাডেলার চরিত্রে থাকছেন ক্লেয়ার হিউজ।

ভারতীয় অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ, শাহানা গোস্বামী ও দানিশ হুসেইন। নাসিরুদ্দিন শাহ অভিনয় করবেন গোদবোলের চরিত্রে। তিনি একজন শিক্ষাবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। শাহানা গোস্বামীকে দেখা যাবে অমৃত রাও চরিত্রে। তিনি একজন দক্ষ আইনজীবী এবং ভারতের আইন পেশায় প্রবেশ করা প্রথম দিকের নারীদের একজন। অন্যদিকে, ড. আজিজের চাচা ও ঘনিষ্ঠজন হামিদুল্লাহর চরিত্রে অভিনয় করবেন দানিশ হুসেইন।

আলী ফজলের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি হতে যাচ্ছে নতুন সংযোজন। ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ‘মির্জাপুর’ সিরিজের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ভারতীয় চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান শক্ত করছেন এই অভিনেতা। বিশ্বসাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।

নির্মাতা রিচি মেহতা এর আগে আন্তর্জাতিকভাবে প্রশংসিত সিরিজ ‘পোচার’ নির্মাণ করেছেন। নতুন সিরিজে তিনি ই এম ফরস্টারের উপন্যাসের মূল বিষয়- বন্ধুত্ব, পরিচয়, ন্যায়বিচার ও ঔপনিবেশিক ক্ষমতার সম্পর্ক- পর্দায় তুলে ধরবেন।

‘আ প্যাসেজ টু ইন্ডিয়া’ যৌথভাবে প্রযোজনা করছে পার্টি প্রোডাকশনস, ওয়ার্কিং টাইটেল টেলিভিশন ও রিচি মেহতার প্রযোজনা প্রতিষ্ঠান আ প্যাসেজ পোস্ট। যুক্তরাজ্য ও কানাডার আনুষ্ঠানিক যৌথ প্রযোজনায় নির্মিত সিরিজটি বিবিসি আইপ্লেয়ার, বিবিসি ওয়ান, সিবিসি টিভি ও সিবিসি জেমে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝