দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক নোটিশে বুধবার (১৮ নভেম্বর) হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য তাকে অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও দুই সদস্যবিশিষ্ট অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন এ তলবি নোটিশ পাঠান।
দুদক সূত্রে জানা যায়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।
এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ ও বক্তব্য গ্রহণের জন্য দুদকের পক্ষ থেকে তলব করা হয়েছে।
মেঘনা আলম একাধারে একজন মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ঢাকা-৮ সংসদীয় আসনে ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
তবে দুদকের অনুসন্ধান এখনো চলমান। অভিযোগের বিষয়ে মেঘনা আলমের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
এফএস