ভারতের মহারাষ্ট্রে পাঁচ ও সাত বছর বয়সী দুই ছেলেকে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বাবার বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় রাজ্যের ছত্রপতি সম্ভাজিনগর জেলার পৈঠান শহরে এ ঘটনা ঘটে। এরপর থেকে নিখোঁজ দুই শিশুর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও ডুবুরি দল।
অভিযুক্ত বাবার নাম সোমনাথ দামোদর রডগে। তার বয়স ৪০ বছর। দুই ছেলের নাম আরিয়ান (৭) ও শ্যাম (৫)।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় চকলেট ও বড়া পাও কিনে দেওয়ার কথা বলে দুই ছেলেকে স্কুটারে করে বাড়ি থেকে বের করেন সোমনাথ। পরে তাদের খালের কাছে নিয়ে যান। সেখানে দুই শিশুকে পানিতে ফেলে দেওয়ার আগে তারা কাঁদতে কাঁদতে বাবাকে অনুরোধ করে বলে, ‘বাবা, আমরা মরে যাব। দয়া করে এমন করবেন না।’ কিন্তু তাদের আকুতি উপেক্ষা করে তিনি দুজনকেই খালে ফেলে দেন বলে অভিযোগ।
ঘটনার সময় খালের কাছে কয়েকজন কৃষক উপস্থিত ছিলেন। তারা শিশু দুটিকে বাঁচাতে এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি তাদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন এবং গালাগাল করেন।
পরে কৃষকেরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোমনাথকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পাচোদ পুলিশ।
সোমবার রাত থেকেই খালে দুই শিশুর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও ডুবুরি দল। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি