মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার পাশাপাশি ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েত। একই সময়ে ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কুয়েতের সামরিক বাহিনী জানায়, দেশটি ড্রোন হামলার মুখে রয়েছে। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, বিভিন্ন স্থানে বিস্ফোরণের যেসব শব্দ শোনা যাচ্ছে, সেগুলো শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কার্যক্রমের কারণে হচ্ছে।
এর আগে হরমুজ প্রণালির কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে দেশটির হরমোজগান প্রদেশের উপগভর্নর আহমাদ নাফিসি জানান, হামলায় আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আলজাজিরাকে জানান, কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের আগের হামলার জবাবে এ অভিযান পরিচালনা করা হয়।
এর আগে বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি রাডার ব্যবস্থায় ড্রোন হামলা চালানোর দাবি করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের বারবার অনুপ্রবেশের জবাবে এই ‘নির্ভুল অভিযান’ চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন সরঞ্জাম বা কোনো সেনাসদস্যের ক্ষয়ক্ষতি হয়নি। বাহরাইনও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হামলাটি ঠেকিয়েছে। দেশটির রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করতে কাজ করছে। তবে হামলার উৎস, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটি।
হরমুজে ট্যাংকারে হামলা
এদিকে ইরানের সামরিক বাহিনীর দাবি, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমের সময় তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনীর দাবি, তারা প্রণালির প্রধান নৌপথ থেকে মাইন অপসারণ করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইরান। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে যায়। এর জবাবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন ট্যাংকারকে নিরাপত্তা দিয়ে চলাচলে সহায়তা করছে।
সোমবার ওমানের উপকূলে পানামার পতাকাবাহী ট্যাংকার তারা গ্যাসেও হামলার ঘটনা ঘটে। প্রথমে জাহাজটির ২৫ নাবিক নিরাপদে আছেন বলে জানানো হলেও দ্বিতীয় দফায় হামলার পর তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ভারতের বন্দরমন্ত্রী জানান, হামলার পর নাবিকেরা জাহাজ ছেড়ে যান এবং একজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন।
চলছে কূটনৈতিক তৎপরতা
সংঘাতের মধ্যে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ওমানের রাজধানী মাসকাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জাহাজ চলাচলের নিরাপত্তা এবং কূটনৈতিক সমাধানের পথ নিয়ে আলোচনা করেছেন।
এদিকে সোমবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট। অন্যদিকে বৃহস্পতিবার চীনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওই বৈঠকেও ইরান যুদ্ধ আলোচনায় আসতে পারে।