ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাইবান্ধায় বিএনপির কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:১৮ এএম
X

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬ নম্বর ধাপেরহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ধাপেরহাট বন্দরে রংপুর-ঢাকা মহাসড়কসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পর স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যার দিকে হঠাৎ দলীয় কার্যালয়ের সামনে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের আগে কয়েকজনকে কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে বিস্ফোরণ ঘটিয়ে তারা দ্রুত আন্ডারপাসের ওভারব্রিজ দিয়ে পালিয়ে যায়।

ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন বলেন, সন্ধ্যা ৭টার দিকে আন্ডারপাসের ওভারব্রিজের ওপর থেকে দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ধাপেরহাটে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইশতিয়াক হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে বিস্ফোরিত বস্তুর খোসা, টেপসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। দলীয় কার্যালয়ের সামনে পরপর দুটি বিকট শব্দ হয়েছে। বিস্ফোরিত বস্তু দুটি ককটেল নাকি ফটকাজাতীয় কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, বিস্ফোরণের ঘটনার পরপরই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে আয়োজিত পথসভায় বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।

এর আগে, গত মঙ্গলবার রাতে সাদুল্লাপুর-নলডাঙ্গা সড়কে ঘাঘট নদীর ওপর নির্মিত জোড়া সেতুতে ককটেল বিস্ফোরণ ও টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করে। পরে ওই মামলার চার আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।

একই উপজেলায় ধারাবাহিক এসব ঘটনার পর জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝