সোমবারও নারায়ণগঞ্জের তৈরি পোশাক কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক ছিল। সকাল থেকে ফতুল্লার বিসিক, শিবু মার্কেট, কাঠেরপুল, আদমজী ইপিজেড, কাঁচপুর বিসিক, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ জেলার বিভিন্ন এলাকার প্রায় দেড় হাজার পোশাক কারখানার শ্রমিকরা অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে কর্মস্থলে যোগ দিয়েছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা গেছে, ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত শ্রমিক বিক্ষোভের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারিও। মোতায়েন করা হয়েছে সাত প্লাটুন বিজিবি ও চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন। এ ছাড়া জেলা পুলিশ, শিল্প পুলিশ ও এসআরবি-১১-এর সদস্যরাও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
রোববার গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলের ১৪৭টি কারখানা লে-অফ ঘোষণা করা হলেও নারায়ণগঞ্জে আন্দোলন-পরবর্তী সময়ে কোনো পোশাক কারখানা বন্ধের ঘোষণা আসেনি। এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন।
শ্রমিকরা জানান, তাঁরা দ্রুত ন্যায্য মজুরি বাস্তবায়ন চান। শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও সরকারপক্ষের আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে—এটাই তাঁদের প্রত্যাশা।
শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, নারায়ণগঞ্জের ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৬ লাখ শ্রমিক কাজ করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নারায়ণগঞ্জের মালিক ও শ্রমিকদের আন্তরিকতার কারণে এখনো এ পরিস্থিতি বজায় রয়েছে। জেলায় নিরাপত্তাজনিত কোনো আশঙ্কা নেই।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, অন্যান্য জায়গায় শ্রমিক অসন্তোষ থাকলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে। জেলায় ৫৭৫ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। জেলায় পুলিশ সদস্যের সংখ্যা কম থাকায় মুন্সিগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য আনা হয়েছে। শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের যেসব এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেগুলো নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। যৌথ আলোচনার মাধ্যমে কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। সাত প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপমহাপরিদর্শক শিপন চৌধুরী জানান, নারায়ণগঞ্জ জেলার কোনো কারখানা শ্রম আইনের ১৩(ক) ধারা অনুযায়ী বন্ধ হয়নি। সব কারখানা চালু রয়েছে এবং শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। পরিস্থিতিও শান্ত রয়েছে। সোমবার সকালে মেট্রো গার্মেন্টসে শ্রমিকরা কারখানায় কাজ না করে বসে ছিলেন। তবে দুপুরের পর সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি।
এসএস/আরএন