ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত: ঢাকা রেঞ্জ ডিআইজি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৯ পিএম আপডেট: ১৬.১১.২০২৬ ৬:৫১ পিএম
X

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আজ সকাল থেকে পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি মোতায়েন রয়েছে। সম্মিলিতভাবে জনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে প্রায় দুই হাজার ফোর্স ও কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপারসহ মধ্যম পর্যায়ের অনেক কর্মকর্তা এখানে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত রয়েছে। ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস পেট্রোলসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ পৌরসভা এবং জেলার চারটি উপজেলাতেও নিরাপত্তাব্যবস্থা রয়েছে। সামগ্রিকভাবে সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, গতকালের ঘটনায় দায়ের করা মামলার কার্যক্রম চলমান রয়েছে। গতকাল থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই এ ঘটনার সঙ্গে জড়িত। আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করব না। বর্তমানে আমরা জনজীবন স্বাভাবিক করতে চাই। জননিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, পুলিশ তা করবে।

আগামী ১৯ নভেম্বর সারাদেশে লকডাউন কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, যেকোনো কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ সে অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তার জন্য কাজ করে যাবে। ওই দিনের হুমকি পর্যালোচনা করে পর্যাপ্তসংখ্যক কর্মকর্তা ও ফোর্স মোতায়েন করা হবে। বিজিবিও দায়িত্ব পালন করবে। পুলিশ আইনবহির্ভূত যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রাখবে।

গতকাল রোববার দিনভর সহিংসতা ও নাশকতার ঘটনার পর গোপালগঞ্জে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে। আজ সোমবার সকাল থেকে জেলার জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। আজ সোমবার জেলার কোথাও কোনো ধরনের অঘটনের খবর পাওয়া যায়নি।

বিজিবির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জে বডি ওর্ন ক্যামেরাসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে। বিজিবির পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া এসআরবি সদস্যদেরও শহরে টহল দিতে দেখা গেছে।

আজ সোমবার ভোর থেকেই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেন সাধারণ মানুষ। শহরের সড়কগুলোতে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও নিজ নিজ গন্তব্যে বের হয়েছে। খুলেছে শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সব মিলিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জের জনজীবন।

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা এড়াতে জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সড়কে টহল দিচ্ছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

এর আগে, গতকাল রোববার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।

উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝