সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উপলক্ষে ঐতিহ্যবাহী পূজা ও পুণ্যস্নান আয়োজনে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে বন বিভাগ। উৎসবে শুধু সনাতন ধর্মাবলম্বীরা অংশ নিতে পারবেন। প্রবেশের সময় যাচাই করা হবে জাতীয় পরিচয়পত্র। তবে মেডিকেল টিমের সদস্য ও অনুমোদিত সংবাদকর্মীরা এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবেন। পুণ্যার্থীদের যাতায়াতের জন্য নির্ধারণ করা হয়েছে পাঁচটি নৌপথ।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। ২৪ নভেম্বর ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যার্থীদের পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।
বন বিভাগের অনুমোদিত পাঁচটি নৌপথ হলো—
১. বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর।
২. কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী ও মরজাত হয়ে দুবলার চর।
৩. নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলার চর।
৪. ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলার চর।
৫. বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলার চর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।
বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, উৎসবে যেতে আগ্রহীদের জাতীয় পরিচয়পত্রের অনুলিপিসহ আবেদন করতে হবে। পুণ্যার্থীবাহী নৌযানগুলো বন বিভাগের তত্ত্বাবধানে একযোগে দিনের বেলায় যাতায়াত করবে। কেউ বিচ্ছিন্নভাবে সুন্দরবনে প্রবেশ বা বের হতে পারবেন না। নির্ধারিত চেকপোস্ট ছাড়া অন্য কোথাও লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না। নির্ধারিত নৌপথ ও স্থান ছাড়া বনের কোনো খাল বা নদীতে অবস্থান করাও নিষিদ্ধ।
সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় প্রতিটি নৌযানে ডাস্টবিন রাখা এবং অপচনশীল বর্জ্য সেখানে সংরক্ষণ করা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া কোনো নৌযানে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল বা করাতসহ অবৈধ সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলার চরের রাস উৎসবে শুধু সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের অনুলিপিসহ আবেদন করতে হবে। বন বিভাগের নির্ধারিত পাঁচটি নৌপথ অনুসরণ এবং অন্যান্য নির্দেশনা মেনেই পুণ্যার্থীদের যাতায়াত করতে হবে।
এএ/আরএন