ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন বর্জ্য পরিবহন নীতিমালার কারণে দেশের ইস্পাতশিল্পে কাঁচামাল আমদানিতে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রড উৎপাদনের প্রধান কাঁচামাল স্ক্র্যাপ বা লৌহজাত বর্জ্যের একটি বড় অংশ ইউরোপ থেকে আমদানি করা হয়। কিন্তু ২০২৭ সালের ২১ মে থেকে কার্যকর হতে যাওয়া ইইউর নতুন বিধিনিষেধের আওতায় অনুমোদিত তালিকায় না থাকলে ইউরোপের দেশগুলো থেকে ধাতব বর্জ্য আমদানির পথ বন্ধ হয়ে যেতে পারে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রস্তাবিত তালিকায় বাংলাদেশ শেষ পর্যন্ত ধাতব বর্জ্য আমদানির অনুমোদন না পেলে বিকল্প বাজার থেকে বাড়তি দামে কাঁচামাল সংগ্রহ করতে হবে। এতে উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়ে গিয়ে দেশের বাজারে রডের দাম আরেক দফা অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
প্রকৌশলী সৌমিত্র কুমার মুৎসুদ্দী বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এখনই আলোচনা করে বাংলাদেশের অবস্থান তুলে ধরা দরকার। তা না হলে আগামী জুন থেকে স্ক্র্যাপ আমদানিতে সমস্যা তৈরি হতে পারে। ইউরোপ থেকে আসা স্ক্র্যাপের মান ভালো। এই কাঁচামাল ব্যবহার করে তুলনামূলক ভালো মানের ইস্পাত উৎপাদন করা যায়। ইউরোপ থেকে আমদানি বন্ধ হলে বিকল্প বাজার থেকে স্ক্র্যাপ আনতে হবে। এতে কাঁচামালের দাম ও পরিবহন খরচ বাড়তে পারে। শেষ পর্যন্ত সেই বাড়তি খরচ রডের বাজারেও প্রভাব ফেলবে।
দেশের ইস্পাতশিল্পে স্ক্র্যাপের আমদানিনির্ভরতা অনেক বেশি। ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রায় ৫২ লাখ ৯০ হাজার টন ফেরাস স্ক্র্যাপ আমদানি হয়েছে। বিপরীতে উৎপাদিত বা সংগৃহীত স্ক্র্যাপের পরিমাণ ছিল প্রায় ১০ লাখ টন। অর্থাৎ মোট সরবরাহের প্রায় ৮৪ শতাংশই এসেছে আমদানির মাধ্যমে। ফলে আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপের দাম ও সরবরাহে পরিবর্তন হলে দেশের রড উৎপাদনকারীরা সরাসরি চাপে পড়েন।
ইউরোপীয় ইউনিয়নের নতুন বর্জ্য পরিবহন নীতিমালা নিয়েই এখন এই উদ্বেগ। নতুন নিয়মানুযায়ী, ২০২৭ সালের ২১ মে থেকে অনুমোদিত তালিকায় থাকা দেশ ছাড়া অন্য কোনো নন-ওইসিডি দেশে নির্দিষ্ট ধরনের বর্জ্য রপ্তানি করা যাবে না। ইউরোপীয় কমিশনের প্রাথমিক মূল্যায়নে বাংলাদেশ কাগজ ও রাবার বর্জ্য আমদানির ক্ষেত্রে অনুমোদন পাওয়ার যোগ্য হলেও ফেরাস ও নন-ফেরাস ধাতব বর্জ্য আমদানির জন্য প্রয়োজনীয় পরিবেশগত ব্যবস্থাপনার প্রমাণ দিতে পারেনি। ফলে প্রস্তাবিত তালিকায় ধাতব বর্জ্যরে ক্ষেত্রে বাংলাদেশকে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
প্রকৌশলী সৌমিত্র কুমার মুৎসুদ্দী মনে করেন, এ বিষয়ে সরকারের এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার পাশাপাশি পরিবেশগত ব্যবস্থাপনার যেসব ঘাটতির কথা বলা হয়েছে, সেগুলো সমাধান করতে হবে।
তবে শুধু কাঁচামাল আমদানির সম্ভাব্য সংকটই নয়, দেশের রডশিল্পের সামনে এখন বড় চ্যালেঞ্জ চাহিদার ঘাটতি। বর্তমানে বছরে প্রায় ১ কোটি ২০ লাখ টন রড উৎপাদনের সক্ষমতা থাকলেও বাজারের চাহিদা প্রায় ৫০ লাখ টন। অর্থাৎ উৎপাদন সক্ষমতার অর্ধেকেরও কম কাজে লাগছে। অবকাঠামো ও নির্মাণ খাতে বিনিয়োগ কমে যাওয়ায় রডের বিক্রিও প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। একদিকে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা বেড়েছে, অন্যদিকে বাজারের চাহিদা সেই হারে বাড়েনি। ফলে উৎপাদন কমিয়ে রাখলেও প্রতিষ্ঠানগুলোকে স্থায়ী ব্যয় বহন করতে হচ্ছে।
শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানো নিয়ে প্রশ্নের জবাবে সৌমিত্র কুমার মুৎসুদ্দী বলেন, ভবিষ্যতের চাহিদা বিবেচনায় রেখেই শিল্পে বিনিয়োগ করতে হয়। শুধু বর্তমান বাজারের চাহিদা দিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রয়োজনীয়তা বিচার করা ঠিক নয়। তবে বিনিয়োগের পাশাপাশি বাজারের চাহিদা, উৎপাদন খরচ ও নীতিগত পরিবেশের বিষয়গুলোও গুরুত্ব দিয়ে দেখতে হবে।
এসএ