ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খেলাপি ঋণ বাড়লেও কমেছে প্রভিশন ঘাটতি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:১৫ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

খেলাপি ঋণের পরিমাণ বাড়লেও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি ছিল দুই লাখ ২২ হাজার কোটি টাকা।

সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়িয়েছে দুই লাখ ১৮ হাজার কোটি টাকায়। তিন মাসে ঘাটতি কমেছে চার হাজার কোটি টাকা।

প্রভিশন হলো ঋণ থেকে সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় ব্যাংকের সংরক্ষিত অর্থ। সাধারণ ঋণের বিপরীতে ১ শতাংশ এবং খেলাপি ঋণের শ্রেণিমান অনুযায়ী ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত প্রভিশন রাখতে হয়।

ঋণ আদায় না হলে এই অর্থ থেকে ক্ষতি সমন্বয় করা হয়।
 
তবে ঘাটতি কমলেও ব্যাংক খাতের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত বছরের সেপ্টেম্বর শেষে প্রভিশন ঘাটতি রেকর্ড তিন লাখ ৪৪ হাজার কোটি টাকায় উঠেছিল। ওই সময় খেলাপি ঋণও সর্বোচ্চ ছয় লাখ ৪৪ হাজার কোটি টাকায় পৌঁছায়।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছয় লাখ ২৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ।

ব্যাংকারদের মতে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতের দীর্ঘদিনের অনিয়ম, ঋণ জালিয়াতি ও ভুয়া প্রতিষ্ঠানের নামে বিতরণ করা ঋণের চিত্র সামনে আসতে শুরু করে। কেন্দ্রীয় ব্যাংকের অনুসন্ধানের পর এসব ঋণ খেলাপি হিসেবে শ্রেণিকরণ করায় খেলাপি ঋণ ও প্রভিশন ঘাটতির চাপ বেড়েছে।

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক রোডম্যাপ ঘোষণা করেছে।

এর আওতায় বিশেষায়িত ঋণ আদায় ইউনিট গঠন, আইনি কার্যক্রম জোরদার এবং অর্থঋণ আদালতে মামলা দ্রুত নিষ্পত্তির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিশেষ পুনঃতফসিল সুবিধা ও এক্সিট পলিসির মাধ্যমে ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হচ্ছে। তবে এসব উদ্যোগের পরও খেলাপি ঋণ কমার দৃশ্যমান অগ্রগতি নেই।

নাম প্রকাশ না করার শর্তে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলেন, বর্তমানে যেসব ঋণ খেলাপি হচ্ছে, তার বড় অংশ দীর্ঘদিন ধরে সমস্যাগ্রস্ত ছিল। এখন সেগুলো আনুষ্ঠানিকভাবে খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে। পুনঃতফসিলসহ বিভিন্ন সুবিধা দেওয়া হলেও ঋণ আদায়ে কার্যকর প্রভাব দেখা যাচ্ছে না।

তিনি আরো বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে ব্যবসায় মন্দা থাকায় অনেক প্রতিষ্ঠান ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়েছে। এ ছাড়া ঋণ প্রবৃদ্ধি দুই বছর ধরে ৫ শতাংশের নিচে। বিনিয়োগে স্থবিরতা ও ব্যবসায় লোকসানের প্রভাবও ব্যাংক খাতে পড়ছে।
 
ব্যাংকভিত্তিক তথ্যে দেখা যায়, সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ প্রায় এক লাখ ৫০ হাজার কোটি টাকা, যা তাদের মোট ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশ। এসব ব্যাংকের প্রভিশন ঘাটতি প্রায় ৭৪ হাজার কোটি টাকা। বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ চার লাখ ৫৫ হাজার কোটি টাকা। অন্যদিকে বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণ ১৮ হাজার ৩০০ কোটি টাকা এবং প্রভিশন ঘাটতি ২৭ কোটি টাকা।

২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের জুনে তা বেড়ে দাঁড়ায় দুই লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায়। অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যাংক খাতের প্রকৃত চিত্র প্রকাশের উদ্যোগে খেলাপি ঋণ আরো বেড়ে যায়। বিশেষ ছাড়ে পুনঃতফসিলের সুযোগে কিছুটা কমলেও পরবর্তী সময়ে তা আবার ঊর্ধ্বমুখী হয়েছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝