বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছরে ২১ কোটি ২৬ লাখ ট্রিপ সম্পন্ন করেছে রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার। এ সময়ে ১৮৩ কোটি কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন চালক-পার্টনাররা এবং সেবা নিয়েছেন ৯০ লাখ ৪০ হাজার যাত্রী। একই সময়ে উবারের প্ল্যাটফর্মের মাধ্যমে আয় করেছেন ৪ লাখ ৭০ হাজার মানুষ।
বাংলাদেশে কার্যক্রম শুরুর এক দশক পূর্তি উপলক্ষে সোমবার রাজধানীতে ‘ফিউচার অব মোবিলিটি ইন বাংলাদেশ: দ্য নেক্সট ১০ ইয়ার্স’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানায় উবার। অনুষ্ঠানে নীতিনির্ধারক, পরিবহন খাতের অংশীজন ও বিশেষজ্ঞরা অংশ নেন।
২০১৬ সালের নভেম্বরে ঢাকায় যাত্রা শুরু করে উবার। পরে চট্টগ্রাম ও সিলেটেও সেবা সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশের তিনটি শহরে কার, বাইক ও সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াত, আন্তশহর ভ্রমণ, গাড়ি ভাড়া ও পার্সেল ডেলিভারিসহ বিভিন্ন সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
১০ বছরে ৪ লাখ ৭০ হাজার মানুষের আয়ের সুযোগউবারের তথ্যমতে, গত এক দশকে প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্ম ব্যবহার করে ৪ লাখ ৭০ হাজার মানুষ আয় করেছেন। এর মাধ্যমে দেশের ডিজিটাল যাতায়াতব্যবস্থার পাশাপাশি প্ল্যাটফর্মনির্ভর অর্থনীতিতে মানুষের অংশগ্রহণের সুযোগও বেড়েছে।
অনুষ্ঠানে উবার বাংলাদেশের কান্ট্রি হেড এস এম জামশেদ হাসান বলেন, “গত ১০ বছরে বাংলাদেশের মানুষের যাতায়াতের ক্ষেত্রে উবার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিভিন্ন জনগোষ্ঠীকে সংযুক্ত করা, যাতায়াতের সুযোগ সম্প্রসারণ এবং মানুষের জন্য নমনীয় আয়ের সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পেরে আমরা গর্বিত।”
তিনি বলেন, “আগামী দশকেও মানুষের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও নির্ভরযোগ্য করার পাশাপাশি আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন সুযোগ তৈরিতে গুরুত্ব দেব।”
নিরাপত্তায় বিভিন্ন সুবিধাউবারের সেবায় যাত্রীদের নিরাপত্তার জন্য চালকের প্রয়োজনীয় নথি যাচাই, ‘ভেরিফাই মাই রাইড’, ট্রিপ ইনস্যুরেন্স, ‘শেয়ার মাই ট্রিপ’, ‘রাইডচেক’, যাত্রা শেষে অভিযোগ জানানোর ব্যবস্থা এবং নিরাপত্তা হটলাইনের মতো সুবিধা রয়েছে। মোটরসাইকেল যাত্রীদের জন্য রয়েছে ‘মটো সেফটি চেকলিস্ট’। পাশাপাশি হেলমেট বিতরণসহ সড়ক নিরাপত্তাবিষয়ক বিভিন্ন উদ্যোগও পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন বলেন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক যাতায়াত নিশ্চিত করতে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যক্তিগত গাড়ি ব্যবহারের বিকল্প হিসেবে প্রতিষ্ঠানটির সেবা মানুষের দৈনন্দিন চলাচলকে সহজ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু এবং রেলওয়েবিষয়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেন, প্রযুক্তির মাধ্যমে যাতায়াতকে আরও সহজ ও নিরাপদ করতে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যাত্রীদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে গত ১০ বছর ধরে প্রতিষ্ঠানটি দায়িত্বশীলতার সঙ্গে সেবা দিয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
আগামী দিনের যোগাযোগব্যবস্থা নিয়ে আলোচনা১০ বছর পূর্তি উপলক্ষে ‘মুভিং বাংলাদেশ ফরোয়ার্ড: মোবিলিটি অ্যান্ড লাইভলিহুডস ইন দ্য নেক্সট ডিকেড’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এবং ইনভেস্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট সার্ভিসেস বিভাগের মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক। আলোচনা সঞ্চালনা করেন বেঞ্চমার্ক পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ কায়সার।
আলোচনায় আগামী দশকে বাংলাদেশের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নগর চলাচল এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের জীবিকার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এদিকে, উবারের ১০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর মিরপুর-১০-এর সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরে কমিউনিটি দেয়ালচিত্র আঁকার আয়োজন করা হয়। ‘প্রতিবার উবার’ থিমের এ আয়োজনে ঐতিহ্যবাহী পটচিত্রের মাধ্যমে সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই শহরের চিত্র তুলে ধরা হয়। শিল্পী টাইগার নাজিরের নেতৃত্বে এতে তরুণ শিল্পী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
-টিএস