দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় চার বছর মেয়াদি সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ পরিকল্পনার আওতায় ব্যাংকগুলোর আর্থিক অবস্থা যাচাই, খেলাপি ঋণ আদায়, পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিং খাতের বিভিন্ন দুর্বলতা চিহ্নিত করে তা দূর করার পাশাপাশি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাত নিয়ে নেতিবাচক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে জনসাধারণকে আশ্বস্ত করতেও এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক অবস্থা জানতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে সম্পদের গুণগত মান যাচাই বা অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
এই যাচাইয়ের মাধ্যমে ব্যাংকগুলোর দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং ঝুঁকিপূর্ণ সম্পদের প্রকৃত চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে সাম্প্রতিক পরিবর্তনগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত দুর্বলতার প্রতিফলন।
এদিকে সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা ও গ্যারান্টি দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।
সুশাসন নিশ্চিত করতে কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। পাশাপাশি স্বতন্ত্র ও যোগ্য পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ফিরিয়ে আনতে পৃথক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনাও তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে প্রয়োজনীয় মূলধন সরবরাহ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্গঠন, সুশাসন নিশ্চিত করা এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
আগামী চার বছরে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করা, ঋণ বিতরণে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে এ ধরনের সংকট প্রতিরোধের সক্ষমতা বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনার আওতায় আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায় বাড়ানো এবং ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ব্যাংকিং খাতে প্রয়োজনীয় নীতিগত ও কাঠামোগত পরিবর্তন আনা হবে।
বাংলাদেশ ব্যাংকের আশা, চার বছরে এসব সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে দেশের ব্যাংকিং খাত আরও স্থিতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। এতে ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর তদারকি, সুশাসন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। আমানতকারীদের স্বার্থ রক্ষা ও আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করাই বাংলাদেশ ব্যাংকের প্রধান অগ্রাধিকার।
এ অবস্থায় গুজব বা অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে ব্যাংকিং খাতের বিষয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
-টিএস