ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কেন ‘একত্ববাদ’ই সভ্যতার সর্বোচ্চ কল্যাণের বিজ্ঞান?
✎ এ ইউ দৌলা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৫৭ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ৭:০৭ পিএম
X

যেকোনো স্থাপনা—সেটি পিরামিড, কোনো সেতু কিংবা আকাশচুম্বী ভবন যা-ই হোক না কেন—সেখানে প্রধানত দুটি মূল কাঠামো থাকে। একটি হলো মাটির গভীরে থাকা ভিত্তি, যাকে বলা হয় সাবস্ট্রাকচার; অন্যটি দৃশ্যমান ওপরের অংশ, যাকে বলা হয় সুপারস্ট্রাকচার।

রাষ্ট্র ও সমাজজীবনের প্রতিটি স্তরেও তেমনি দুটি মূল কাঠামো রয়েছে। এর মধ্যে ভিত্তি কাঠামো হলো অর্থব্যবস্থা। আর সেই অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তির ওপর গড়ে ওঠে সব নিয়ম, আইন, শিক্ষাব্যবস্থা, বাজারব্যবস্থা, খাদ্য, স্বাস্থ্য, যোগাযোগ, রীতিনীতি এবং সাংস্কৃতিক ব্যবস্থা। একইভাবে, প্রতিটি ব্যবস্থার মধ্যেও থাকে নিজস্ব ভিত্তি ও ওপরের কাঠামো।

তাহলে বলুন তো, মানবজীবনের অন্যতম প্রধান চালিকাশক্তি যে ধর্মবিশ্বাস, তার সাবস্ট্রাকচার ও সুপারস্ট্রাকচার কী হতে পারে?

ইঞ্জিনিয়ারিংয়ের অবকাঠামোগত ধারণাকে সমাজব্যবস্থায় প্রয়োগ করলে দেখা যায়, মানবজীবনের প্রতিটি ব্যবস্থার মতো ধর্মেরও একটি সুনির্দিষ্ট ভিত্তি ও ওপরের কাঠামো রয়েছে। সমাজের সামগ্রিক ও সর্বোচ্চ কল্যাণই হলো যেকোনো ধর্মের ‘বেইস বা সাবস্ট্রাকচার’। আর এই ভিত্তির ওপর দাঁড়িয়ে ধর্ম মানুষের সমগ্র জীবন পরিচালনার জন্য যে প্রাতিষ্ঠানিক, আদর্শিক ও সাংস্কৃতিক সুপারস্ট্রাকচার গড়ে তোলে, তার মধ্যে রয়েছে পাপ-পুণ্য ও নৈতিকতার আদর্শ, প্রার্থনা ও উৎসবের মতো আচার-অনুষ্ঠান, ধর্মগুরুদের নিয়ে গঠিত প্রাতিষ্ঠানিক বিন্যাস, পবিত্র ধর্মগ্রন্থ ও আইন এবং খাদ্যাভ্যাস ও পোশাক-আশাকের মতো জীবনযাপনের নানা রীতিনীতি। কিন্তু আরও গভীরে গিয়ে লক্ষ্য করলে দেখা যায়, পাপ-পুণ্য ও নৈতিকতার আদর্শ কিংবা আচার-অনুষ্ঠানগুলো আসলে সেই সুপারস্ট্রাকচারের বিভিন্ন অংশ। যেকোনো ধর্মের মূল সুপারস্ট্রাকচার কেবল একটি, আর তা হলো—একত্ববাদ অথবা বহুত্ববাদ।

এবার চলুন দেখি, একত্ববাদ ও বহুত্ববাদ বলতে কী বোঝায়

একত্ববাদ হলো এক ঈশ্বরে বিশ্বাস। আর বহুত্ববাদ হলো এমন বিশ্বাস, যেখানে একাধিক ঈশ্বর কিংবা ঈশ্বরের রূপক বা অংশের অস্তিত্ব স্বীকার করা হয়। একত্ববাদে ঈশ্বর হলেন এমন এক সত্তা, যিনি সব ক্ষমতা, মর্যাদা, শক্তি ও কল্যাণের উৎস। একত্ববাদ বলে, সমাজে যেকোনো উপযুক্ত ব্যক্তির মধ্য থেকে কেউ বিচারক, কেউ শিক্ষক, কেউ প্রশাসক, কেউ রাষ্ট্রপ্রধান কিংবা অন্য কোনো দায়িত্বে নিযুক্ত হতে পারেন; কিন্তু তাঁদের পদ বা দায়িত্ব তাঁদের অন্য মানুষের তুলনায় বেশি মর্যাদার অধিকারী করে না।

অন্যদিকে, বহুত্ববাদ মেনে নেয় যে ঈশ্বর সবচেয়ে বড় (কিংবা ঈশ্বর নাও থাকতে পারেন), তবে ক্ষমতা থাকে ঈশ্বরসহ আরও নানা দেব-দেবী, মূর্তি, নক্ষত্র, পাথর, পাহাড় কিংবা বিশেষ বিশেষ মানুষের হাতে। এসব বিশ্বাসে সব ক্ষমতা ও মর্যাদার উৎস এককভাবে ঈশ্বর নন; বরং যাঁদের মধ্যে ক্ষমতা রয়েছে, তাঁরা সবাই পূজনীয় ও মর্যাদাবান। পক্ষান্তরে, একত্ববাদী শিক্ষা বলে, সব ক্ষমতা কেবল একজন ঈশ্বরের অধীন। কাজেই মর্যাদা, সম্মান ও মহিমা কেবল সেই একজন ঈশ্বরের জন্য, অন্য কারও জন্য নয়।

আমরা জানি, বর্তমান পৃথিবীর প্রায় ৩১ শতাংশ মানুষ খ্রিস্টধর্মে বিশ্বাসী, ২৬ শতাংশ মুসলিম, ১৫ শতাংশ সনাতন ধর্মাবলম্বী, প্রায় ০.২ শতাংশ ইহুদি, প্রায় ৭ শতাংশ বৌদ্ধ, ৬ শতাংশ অন্যান্য ধর্মাবলম্বী এবং প্রায় ১৬ শতাংশ মানুষ কোনো প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাস করেন না। কিন্তু আপনি যদি ধর্মের বেইস স্ট্রাকচার স্পর্শ করেন, তবে দেখবেন—জগতের শিশু ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের বাদ দিলে প্রতিটি সুস্থ মানুষ আসলে একত্ববাদ অথবা বহুত্ববাদ—এই দুটির যেকোনো একটিকে মেনে নিয়েই জীবনযাপন করেন।

একত্ববাদী তাঁরাই, যাঁরা তাঁদের চিন্তা, অনুভব ও আচরণে কেবল একজন ঈশ্বরকে মেনে নিয়েছেন। তাঁরা একজন ঈশ্বরকেই সব ক্ষমতা, মর্যাদা ও সম্মানের অধিকারী বলে বিশ্বাস করেন। এই মানুষেরা কেবল একজন ঈশ্বরকে মানেন বলেই জগতের অন্য কারও ক্ষমতাকে মানেন না, বিশ্বাস করেন না কিংবা অনুভব করেন না। তাঁরা মনে করেন, সমাজজীবনের বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষ দায়িত্ব পালনের জন্য নিযুক্ত রয়েছেন ঠিকই, কিন্তু সেই দায়িত্ব পালন তাঁদের কোনো ক্ষমতা নয়। আর ক্ষমতা না থাকায় কোনো ব্যক্তির বিশেষ কোনো সম্মান, মর্যাদা বা প্রশংসাও থাকতে পারে না। এই একত্ববাদীরা সব ক্ষমতার উৎস কেবল একজন ঈশ্বর—এ কথা স্বীকার করেন। তাই তাঁরা সবাই সেই এক ঈশ্বরের নিয়মের প্রতিই অনুগত থাকেন।

কিন্তু মানুষ যখন এমন একটি সমাজকাঠামো গড়ে তোলে, যেখানে এক ঈশ্বরের সব ক্ষমতার ধারণা থেকে সরে এসে কিছু ক্ষমতা বিশেষ কিছু মানুষের মধ্যেও রয়েছে বলে মেনে নেওয়া হয়, তখন সামাজিক সুপারস্ট্রাকচারটি আক্ষরিক অর্থেই পিরামিডের মতো হয়ে ওঠে।

ধরুন, ১০০ জন মানুষ একত্রে একটি কল্যাণমুখী সমাজ গঠনের গেমপ্ল্যান তৈরি করতে বসলেন। সেই সমাজ গঠনের মূল উদ্দেশ্য হবে—সবার সর্বোচ্চ উন্নতি, সর্বোচ্চ নিরাপত্তা ও সর্বোচ্চ শান্তি নিশ্চিত করা। ধরুন, সমাজ গঠনের এই খেলাটি সাজানো হলো ক্ষমতার পিরামিডের নিয়মে। ঠিক যেমন দাবার গুটিগুলোর একেকটির আলাদা ও নির্দিষ্ট ক্ষমতা রয়েছে বলে মেনে নিয়ে খেলোয়াড়েরা খেলতে বসেন এবং খেলাটি খেলতে হলে আপনাকে সেই নিয়মের মধ্যেই খেলতে হবে; নিয়ম পরিবর্তন করতে পারবেন না।

ধরুন, খেলায় সেই ১০০ জন মানুষ মেনে নিলেন যে ঈশ্বর আমাদের স্রষ্টা এবং তিনিই সবচেয়ে বেশি ক্ষমতাবান। কিন্তু একই সঙ্গে তাঁরা বিশ্বাস করলেন, ঈশ্বরের আশীর্বাদে বিশেষ বিশেষ মানুষও ক্ষমতাবান। তাঁরা সেই গেমপ্ল্যানে ক্ষমতা ও মর্যাদার একটি স্তরভিত্তিক পিরামিড কাঠামো গড়ে তুললেন। তাঁরা নিয়ম করলেন, একজন হবেন রাজা এবং রাজা হবেন সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী। রাজার ক্ষমতা কার্যকর করতে তাঁর অধীনে থাকবেন মন্ত্রী ও সেনাপতি। মন্ত্রী ও সেনাপতিদের ক্ষমতা হবে রাজার চেয়ে কম, কিন্তু কর্মকর্তা ও সৈন্যরা আবার তাঁদের অনুগত থাকবেন। এভাবে সমাজের বিভিন্ন স্তরে তৈরি হবে ক্ষমতার ধারাবাহিক বিন্যাস। এখানে প্রত্যেকের সামাজিক অবস্থান নির্ধারিত হবে ক্ষমতার স্তর অনুযায়ী।

স্বাভাবিকভাবেই, ধীরে ধীরে সেই সমাজে একটি সংস্কৃতি তৈরি হবে, যেখানে বেশি ক্ষমতা মানেই বেশি মর্যাদা, বেশি সম্মান এবং বেশি সামাজিক গুরুত্ব। ফলে সমাজের নিচের স্তরের মানুষও ক্রমাগত ওপরের স্তরে ওঠার আকাঙ্ক্ষা অনুভব করবেন। তাঁরা ক্ষমতা, সম্পদ ও সামাজিক মর্যাদা অর্জনের জন্য প্রতিযোগিতা করবেন। এই কাঠামোয় অর্থ ও সম্পদ হয়ে উঠবে ক্ষমতা অর্জনের অন্যতম প্রধান মাধ্যম। এভাবে সমাজের প্রতিটি স্তরে ক্ষমতা অর্জনের আকাঙ্ক্ষা এবং মর্যাদা বৃদ্ধির প্রতিযোগিতা একটি স্থায়ী সামাজিক সংস্কৃতিতে পরিণত হবে।

এবার চলুন দেখি, একত্ববাদে কী ঘটে

ধরুন, আলাদা একটি দলের ১০০ জন মানুষ নিজেদের সামগ্রিক সর্বোচ্চ কল্যাণ, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সমাজ গঠনের একটি গেমপ্ল্যান তৈরি করলেন। তাঁরা সবাই মিলে নিয়ম ঠিক করে মেনে নিলেন, অর্থাৎ বিশ্বাস করলেন যে মানুষ হিসেবে এবং সমাজের সদস্য হিসেবে সবাই সমান মর্যাদার অধিকারী। এই খেলায় কেউ কারও চেয়ে বড় বা ছোট নন। তাঁরা সিদ্ধান্ত নিলেন, সব ক্ষমতার মালিক কেবল একজন ঈশ্বর এবং কোনো মানুষের স্বতন্ত্র কোনো ক্ষমতা নেই। তাই কোনো মানুষই অন্য মানুষের তুলনায় বিশেষ মর্যাদা বা সম্মানের অধিকারী নন। তাঁরা ধরে নিলেন, মেনে নিলেন বা বিশ্বাস করলেন যে এটি এমন একটি দাবার খেলা, যেখানে সব গুটির শক্তি সমান।

কিন্তু প্রশ্ন হলো, তাহলে এই সমাজ পরিচালিত হবে কীভাবে?

তাঁরা বললেন, সমাজের প্রতিটি স্তরে যোগ্যতা ও উপযুক্ততার ভিত্তিতে নাগরিকদের বিভিন্ন দায়িত্বে নিয়োগ করা হবে। যাঁরা দায়িত্ব পাবেন, তাঁরা ক্ষমতার মালিক হবেন না; বরং তাঁরা হবেন দায়িত্বশীল ব্যক্তি। তাঁদের কাজ হবে নির্ধারিত নীতিমালা ও ঈশ্বরপ্রদত্ত নির্দেশনার আলোকে নিজেদের দায়িত্ব পালন করা। ধরুন, সেই গেমপ্ল্যানে সিদ্ধান্ত নেওয়া হলো, কেউ নিজে থেকে কোনো দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাঁকে সেই দায়িত্ব দেওয়া হবে না। তবে সমাজের অধিকাংশ মানুষের মতামত, আস্থা ও উপযুক্ততার ভিত্তিতেই কেবল দায়িত্ব বণ্টন করা হবে। এখানে এই সমাজ গঠনের খেলায় মূল নিয়ম হবে ক্ষমতা নয়, বরং দায়িত্ব; ব্যক্তিগত মর্যাদা নয়, বরং সমান মানবিক সম্মান; আধিপত্য নয়, বরং পারস্পরিক সহযোগিতা।

দুটি সমাজব্যবস্থার মৌলিক পার্থক্য কোথায়?

এখন আমাদের সামনে দুটি ভিন্ন সামাজিক দর্শন দাঁড়িয়ে গেল। একদিকে রয়েছে এমন একটি কাঠামো, যেখানে ক্ষমতা ও মর্যাদা বিভিন্ন মানুষের মধ্যে স্তরভিত্তিকভাবে বণ্টিত। সেখানে প্রত্যেকে নিজের অবস্থান উন্নত করতে এবং অন্যের তুলনায় বেশি ক্ষমতা অর্জন করতে আগ্রহী। অন্যদিকে রয়েছে এমন একটি কাঠামো, যেখানে চূড়ান্ত ক্ষমতা ও মর্যাদার উৎস কেবল একজন ঈশ্বর। মানুষ সেখানে ক্ষমতার মালিক নয়, বরং নির্দিষ্ট দায়িত্বের বাহক।

প্রথম ব্যবস্থায় মানুষ ক্ষমতা অর্জনের জন্য প্রতিযোগিতা করে। দ্বিতীয় ব্যবস্থায় মানুষ দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়। প্রথম ব্যবস্থায় সামাজিক অবস্থান ও মর্যাদার মধ্যে পার্থক্য তৈরি হয়। দ্বিতীয় ব্যবস্থায় মানুষের সমান মানবিক মর্যাদাকে মৌলিক নীতি হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এখানেই একত্ববাদ ও বহুত্ববাদ নিয়ে এই আলোচনার মূল সামাজিক তাৎপর্য।

বহুত্ববাদী বনাম একত্ববাদী সমাজের পরিণতি

এখন চলুন দেখি, বহুত্ববাদী সমাজে মানুষের সর্বোচ্চ কল্যাণ, নিরাপত্তা ও শান্তি কীভাবে প্রতিষ্ঠা করা সম্ভব এবং একত্ববাদী সমাজে তা কীভাবে ঘটে।

বহুত্ববাদী সমাজে সব স্তরের মানুষ ক্ষমতা অর্জনের জন্য দৌড়ঝাঁপ করেন। তাঁরা নিজেদের মধ্যে অত্যন্ত প্রতিযোগিতামুখী হয়ে ওঠেন। অবশ্যই তাঁরা অনেক বেশি পরিশ্রমী ও সৃজনশীল হন। তাঁরা বস্তুগত উন্নতিকে সফলতা বলে মনে করেন। তাই ব্যক্তিগত মর্যাদা বৃদ্ধির জন্য সম্পদ ও ক্ষমতা অর্জনে দিনরাত পরিশ্রম করেন। তাঁরা অত্যন্ত কৌশলী মানুষে পরিণত হন। কৌশলের প্রকৌশল প্রয়োগ করে তাঁদের কেউ অতিধনী, কেউ মধ্যবিত্ত হয়ে ওঠেন। একই সঙ্গে সমাজের অধিকাংশ নাগরিক অত্যন্ত দরিদ্র হয়ে পড়েন। সেখানে কিছু মানুষের হাতে সম্পদ কুক্ষিগত হয়। ফলে সম্পদের সামাজিক বণ্টনে তীব্র বৈষম্য দেখা দেয়, দুর্নীতি বেড়ে যায়, খাদ্যে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার, ঘুষ-স্বজনপ্রীতি ও নৃশংসতা বাড়ে। মানবিকতার ব্যানারে ব্যবসা চলে। সেখানে প্রেম, মমতা, দয়া ও ভালোবাসাকেও টাকার মূল্যে বিক্রি করা হয়।

এমন ব্যবস্থায় সবকিছুতেই ক্ষমতার এক অদৃশ্য লড়াই চলে। একে অন্যের চেয়ে মর্যাদা বৃদ্ধির এক অদৃশ্য প্রতিযোগিতা চলতে থাকে। সমাজের সব মানুষের সর্বোচ্চ কল্যাণের চুক্তি নিয়ে যে ১০০ জন মানুষ সমাজ গঠন করেছিলেন, তাঁদের মাত্র কয়েকজনের হাতে সমাজব্যবস্থা কুক্ষিগত হয়। আর অন্যরা ক্ষমতার পায়ের নিচে পিষ্ট হতে থাকেন। এটাই বহুত্ববাদের আউটকাম বা পরিণতি।

কিন্তু একত্ববাদীদের ক্ষেত্রে বিষয়টি হয় অন্যরকম। তাঁরা মেনে নিয়েছেন যে মর্যাদা কেবল একজন ঈশ্বরের, ক্ষমতা অন্য কারও নয়—সব ক্ষমতা ও মর্যাদার অধিকারী কেবল একজন ঈশ্বর। এই ব্যবস্থায় কোনো মানুষের মর্যাদা কম বা বেশি হওয়া সম্ভব নয়। তাই মর্যাদার কোনো প্রতিযোগিতাও সেখানে সৃষ্টি হয় না। অবশ্য এই মানুষেরা অল্পতেই তুষ্ট থাকেন বলে তাঁরা কিছুটা কম পরিশ্রমী কিংবা কিছুটা কম সৃজনশীল হয়ে উঠতে পারেন। কিন্তু সেখানে সামাজিক সাম্য, পারস্পরিক সহযোগিতা, মানুষে মানুষে সামাজিক বন্ধন ও নিরাপত্তা অত্যন্ত মজবুত হয়। তাঁরা নিজেদের মধ্যে মর্যাদার প্রতিযোগিতা থেকে মুক্ত থাকেন। ফলে সুশাসন প্রতিষ্ঠা পায়, নিয়ম রক্ষা হয়। এমন মানুষেরা একে অন্যের প্রতি মমতা, দয়া, সহানুভূতি ও সামাজিক নিরাপত্তার প্রতীক হয়ে ওঠেন।

এবার নিজেকে প্রশ্ন করুন, বর্তমান পৃথিবীতে ঠিক কত শতাংশ মানুষ একত্ববাদী আর কত শতাংশ মানুষ বহুত্ববাদী?

লেখকঃ মাইন্ড-ইঞ্জিনিয়ারিং বিষয়ের গবেষক

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝