কলকাতার জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বাবা সুব্রত চক্রবর্তী মারা গেছেন।
সোমবার (৯ নভেম্বর) রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সুব্রত।
পরিবারের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন সুব্রত চক্রবর্তী। দুর্গাপূজার সময় থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দশমীর দিন পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে ওঠে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে বাড়িতে ফিরিয়ে এনে আইসিইউর আদলে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।
তবে অবস্থার অবনতি হলে দীপাবলির সন্ধ্যায় তাঁকে আবারও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়া এবং হৃদ্রোগে আক্রান্ত হওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে।
বাবার সঙ্গে সোহমের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। ২০২১ সালে বেশ আয়োজন করে বাবার ৭৫তম জন্মদিন উদযাপন করেছিলেন অভিনেতা। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমেও বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা প্রকাশ করেছেন তিনি।
এদিকে, বাবাকে হারানোর শোকের মধ্যেই রাজনৈতিক ও পেশাগত নানা চ্যালেঞ্জের মুখে রয়েছেন সোহম। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে করিমপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। এর ফলে বিধায়ক পদ হারান সাবেক এই তৃণমূল নেতা।
এসএস