জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর নতুন স্পিন-অফ সিরিজ নির্মাণের অনুমোদন দিয়েছে নেটফ্লিক্স। ‘আদার ওয়ার্ল্ডস: আ স্ট্রেঞ্জার থিংস অ্যাডভেঞ্চার’ নামের সিরিজটি ২০২৮ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। মূল সিরিজের আগের সময়ের ঘটনা নিয়ে তৈরি হবে এই নতুন আয়োজন।
গত ৬ নভেম্বর ‘স্ট্রেঞ্জার থিংস ডে’ উপলক্ষে সিরিজটির ঘোষণা দেয় নেটফ্লিক্স। ১৯৮৩ সালের এই দিনে সিরিজের কাল্পনিক চরিত্র উইল বায়ার্স নিখোঁজ হয়েছিল। সেই ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর দিনটি উদ্যাপন করেন সিরিজটির ভক্তরা।
নতুন সিরিজটির গল্পের পটভূমি ১৯৫৫ সালের যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের ম্যারিয়ন শহর। এটি মূল ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজের পাশাপাশি ‘স্ট্রেঞ্জার থিংস: দ্য ফার্স্ট শ্যাডো’র ঘটনাপ্রবাহেরও আগের সময়কে তুলে ধরবে।
নেটফ্লিক্স প্রকাশিত টিজারে ১৯৫৫ সালের ১৯ এপ্রিলের কথা উল্লেখ করা হয়েছে। এতে একটি পরিত্যক্ত সাইকেল, নিষিদ্ধ এলাকা নির্দেশক সাইনবোর্ড এবং আকাশে রহস্যময় পরিস্থিতির দৃশ্য দেখা যায়। তবে সিরিজটির মূল কাহিনি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
নির্মাতা ম্যাট ও রস ডাফার এবং ‘স্ট্রেঞ্জার থিংস’-এর লেখক কেট ট্রেফ্রি যৌথভাবে সিরিজটি তৈরি করছেন। ট্রেফ্রি এর শোরানার ও নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন। প্রথম তিনটি পর্ব পরিচালনা করবেন জো রাইট। নির্বাহী প্রযোজকদের তালিকায় আরও রয়েছেন শন লেভি, পল ডিখটার, শেলি মিলস, আন্দ্রেয়া স্পার্লিং ও পাভলিনা হাতুপিস। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে সিরিজটির শুটিং হওয়ার কথা রয়েছে।
নির্মাতা ডাফার ব্রাদার্স জানিয়েছেন, নতুন সিরিজে মূল ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পরিচিত আবহ থাকলেও গল্প, চরিত্র ও পটভূমিতে নতুনত্ব থাকবে। এতে নতুন নায়ক ও খলনায়কদের পাশাপাশি ভিন্ন এক রহস্যময় জগতের সন্ধান পাবেন দর্শক।
এদিকে, নতুন সিরিজটির গল্পে হেনরি ক্রিলের অতীতের কিছু অজানা ঘটনা উঠে আসতে পারে। মূল সিরিজে ভেকনা নামে পরিচিত এই চরিত্র কীভাবে অতিপ্রাকৃত শক্তির সংস্পর্শে এসেছিল, তার আগের ঘটনাগুলোও নতুন সিরিজের কাহিনির সঙ্গে যুক্ত থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা। তবে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ২০২২ সালেই ‘স্ট্রেঞ্জার থিংস’-এর স্পিন-অফ নির্মাণের পরিকল্পনার কথা প্রথম প্রকাশ্যে আসে। মূল সিরিজের পাশাপাশি এই ফ্র্যাঞ্চাইজিতে রয়েছে অ্যানিমেটেড সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস: টেলস ফ্রম ’৮৫’ এবং মঞ্চনাটক ‘স্ট্রেঞ্জার থিংস: দ্য ফার্স্ট শ্যাডো’। নতুন ‘আদার ওয়ার্ল্ডস’ হবে এই জগতের চতুর্থ প্রকল্প।
এসএস