বড়দিনের আবহে প্রেম, পরিবার ও সম্পর্কের গল্প নিয়ে নতুন গান প্রকাশ করেছেন মার্কিন পপ তারকা অলিভিয়া রদ্রিগো। ‘টেক মি হোম (৪ ক্রিসমাস)’ শিরোনামের গানটির মাধ্যমে প্রথমবারের মতো ক্রিসমাস উপলক্ষে মৌলিক গান নিয়ে হাজির হলেন এই সংগীতশিল্পী।
গানটির সঙ্গে প্রকাশ করা হয়েছে একটি বিশেষ মিউজিক ভিডিও। এতে অলিভিয়া রদ্রিগোর পাশাপাশি অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সিনথিয়া নিক্সন ও ‘স্যাটারডে নাইট লাইভ’ তারকা বেন মার্শাল।
গানটির গল্পে উঠে এসেছে বড়দিনের ছুটিতে প্রিয় মানুষের পরিবারের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা। বিশেষ করে প্রেমিকের পরিবারের সদস্যদের সঙ্গে প্রথমবার দেখা করা, তাঁদের মন জয় করার চেষ্টা এবং পারিবারিক পরিবেশে মানিয়ে নেওয়ার নানা মজার মুহূর্ত ফুটে উঠেছে এতে।
গানটি লিখেছেন অলিভিয়া রদ্রিগো, ড্যান নিগ্রো ও অ্যামি অ্যালেন। এর প্রযোজনার দায়িত্বেও রয়েছেন ড্যান নিগ্রো। অলিভিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।
ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি গানটি ভিনাইল ও ক্যাসেট সংস্করণেও প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ সংস্করণে ‘মিস দিস ক্রিসমাস’ শিরোনামের আরেকটি গানও রাখা হয়েছে।
সংগীতজীবনে ব্যস্ত সময় পার করছেন অলিভিয়া রদ্রিগো। নতুন এই ক্রিসমাস গান প্রকাশের মধ্য দিয়ে তাঁর সংগীতভান্ডারে যুক্ত হলো ভিন্নধর্মী একটি আয়োজন। প্রেম, পরিবার ও বড়দিনের উৎসবকে কেন্দ্র করে তৈরি গানটি ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
এফএস