মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পর আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আসেন তিনি। আদালত সূত্র জানিয়েছে, এ মামলায় পুনরায় জামিনের আবেদন করবেন পরীমনি।
সকালে আদালত এলাকায় গিয়ে দেখা যায়, একটি সাদা গাড়িতে বসে শুনানির জন্য অপেক্ষা করছেন এ অভিনেত্রী। এসময় তার সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের কয়েকজনকে দেখা যায়। সকাল ১০টা ৪০ মিনিটে প্রতিবেদনেটি লেখা পর্যন্ত তারা আদালত চত্বরেই অপেক্ষায় ছিলেন।
এর আগে গতকাল বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমনি আদালতে উপস্থিত না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান।
ওইদিন পরীমনির আইনজীবী আদালতে সময়ের আবেদন করে জানান, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারেননি। তবে বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করে। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত পরীমনির বিরুদ্ধে এ আদেশ দেন।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা এ মামলায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। সেদিনও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
মামলার তদন্ত শেষে ২০২৪ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দেয়। অন্য আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের তৎকালীন সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। অন্য দুই আসামি হলেন ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে পরীমণি ও তার সহযোগীদের সঙ্গে বাদীর বিরোধ হয়। একপর্যায়ে তাকে গালমন্দ, মারধর এবং একটি সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারা হয় বলে অভিযোগ করেন নাসির উদ্দিন। এতে তার মাথা ও বুকে আঘাত লাগে বলেও এজাহারে উল্লেখ করা হয়। পাশাপাশি ক্লাবে ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগও আনা হয়।
এসএ