ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডিসেম্বরে নতুন পে-স্কেলে বেতন পেতে পারেন এমপিও শিক্ষকরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:৪১ পিএম
X

ডিসেম্বর থেকেই নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেতে পারেন বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এজন্য অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এরই মধ্যে অর্থ বরাদ্দের বিষয়ে মৌখিক সম্মতি মিলেছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক চীন সফরে থাকাকালে অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। আলোচনার পর নতুন পে-স্কেলে বেতন দিতে অতিরিক্ত অর্থ ছাড়ের বিষয়ে মৌখিক সম্মতি পাওয়া গেছে। চলতি নভেম্বরের মধ্যেই আনুষ্ঠানিক সম্মতিপত্র পাওয়ার আশা করছে মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ডিসেম্বরেই যেন শিক্ষক-কর্মচারীরা নতুন পে-স্কেলে বেতন পান, সেজন্য আমরা চেষ্টা করছি। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর থেকেই নতুন স্কেলে বেতন পাওয়া যাবে। তবে কোনো কারণে সেটি সম্ভব না হলে জানুয়ারি মাস থেকে শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন পাবেন।

নতুন পে-স্কেলে বেতন দিতে কত টাকা প্রয়োজন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) হিসাব অনুযায়ী, ছয় মাসের বকেয়াসহ আগামী বছরের মে পর্যন্ত বেতন-ভাতা দিতে স্কুল পর্যায়ে অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৩ লাখ এবং কলেজ পর্যায়ে ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন। সব মিলিয়ে অতিরিক্ত অর্থের চাহিদা প্রায় ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা।

গত ১ নভেম্বর মাউশি এ হিসাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠায়। এর ভিত্তিতে একই দিন অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেনের সই করা চিঠিতে বলা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন।

তবে অর্থ বিভাগের আনুষ্ঠানিক অনুমোদন এখনো পাওয়া যায়নি। ফলে ডিসেম্বর থেকে নতুন পে-স্কেলে বেতন দেওয়া সম্ভব হবে কি না, তা চূড়ান্ত অনুমোদন ও প্রয়োজনীয় অর্থ ছাড়ের ওপর নির্ভর করছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝