ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাবির বিজয় একাত্তর হলে শিবিরের সৌজন্যে স্থাপিত এসি বন্ধ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

অনুমতি ছাড়া স্থাপন এবং বৈদ্যুতিক ঝুঁকির কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের রিডিং রুমে ইসলামী ছাত্রশিবিরের সৌজন্যে স্থাপিত এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ করে দিয়েছে হল প্রশাসন। এ ঘটনায় অনুমতি নেওয়া নিয়ে হল প্রশাসন ও হল সংসদের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে।

গত ২৭ অক্টোবর হল কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে এসি স্থাপনের বিষয়টি জানানো হয়। সম্প্রতি বিজ্ঞপ্তির বিষয়টি প্রকাশ্যে আসে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হল প্রশাসনের অনুমতি ছাড়াই একটি ছাত্রসংগঠনের ব্যানারে রিডিং রুমে এসি স্থাপন করা হয়েছে, যা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার পরিপন্থি। এ ছাড়া হলের বৈদ্যুতিক সক্ষমতা সীমিত হওয়ায় অতিরিক্ত বৈদ্যুতিক যন্ত্র সংযোজনের ফলে অগ্নিকাণ্ডসহ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে রিডিং রুমে এসি স্থাপনের বিষয়ে কারিগরি মূল্যায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে চিঠি পাঠিয়েছে হল প্রশাসন।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স. ম. আলী রেজা গণমাধ্যমকে বলেন, ডাকসু ও হল সংসদের তত্ত্বাবধানে এসি স্থাপনের বিষয়ে ছাত্রসংগঠনটি হল প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। বিষয়টি জানার পরপরই হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও প্রক্টরিয়াল টিমকে সেখানে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রসংগঠনগুলোর কাছ থেকে কোনো কিছু গ্রহণের প্রচলন বা এ-সংক্রান্ত নীতিমালা নেই। কেন্দ্রীয় প্রশাসনের অনুমতি ছাড়া হলের সীমিত বৈদ্যুতিক সক্ষমতার মধ্যে এসি স্থাপনের সুযোগ নেই।

তবে হল প্রশাসনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিজয় একাত্তর হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আশিক বিল্লাহ। তাঁর দাবি, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার অবহিত করা হয়েছে। গত ৫ অক্টোবর প্রশাসনের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ১১ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত জানানোর সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

আশিক বিল্লাহ বলেন, ১২ অক্টোবর প্রাধ্যক্ষের কক্ষে অনুষ্ঠিত বৈঠকেও বিষয়টি জানানো হয়েছিল। তখন তাঁরা স্পষ্ট করে বলেছিলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে ছুটির মধ্যেই এসি স্থাপন করা হবে।

এদিকে হল সংসদের সহসভাপতি (ভিপি) হাসানুল হক বান্না বলেন, প্রশাসন তাঁদের সহযোগিতা না করে উল্টো শত্রু হিসেবে বিবেচনা করছে। তাঁর মতে, বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক। অন্যান্য হলে বিভিন্ন সংগঠনের সৌজন্যে এসিসহ বিভিন্ন সামগ্রী গ্রহণ করা হলে বিজয় একাত্তর হলে কেন তা করা যাবে না, সে প্রশ্নও তোলেন তিনি।


এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝