দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, নীলফামারীর বর্তমান এসপি মো. ফরহাদ হোসেন খানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তাঁকে নেত্রকোনা জেলার এসপি হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।
এদিকে, বরগুনা জেলার বর্তমান পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদাকে জামালপুর জেলার নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, এসআরবির এসপি কেএমএ মামুন খান চিশতীকে বরগুনা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া জামালপুর জেলার বর্তমান পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলি ও পদায়নের আদেশ কার্যকর করা হয়েছে।
আরএন