পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনারসহ আরও দুই ডিআইজিকে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সাইয়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগে অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। আর রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরএন