দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫ জন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা।
এদিকে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯৪৩ জন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, রংপুর বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন এবং সিলেট বিভাগে ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।