সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পর যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ফ্লাইট পরিচালনায় পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু হলেও নিরাপত্তার কারণে শুধু দিনের বেলায় এসব ফ্লাইট পরিচালনা করা হবে।
অন্যদিকে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে। তবে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কেবল দিনের বেলায় এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
অন্যদিকে, রিয়াদগামী যাত্রীদের একটি বড় অংশ বর্তমানে বিকল্প রুটে ভ্রমণ করায় এ পথে যাত্রী চাহিদা আশানুরূপ নয়। এ পরিস্থিতিতে সার্বিক বিষয় বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
টিকিট পুনর্নির্ধারণ ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এসএস