গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪১৭ জন।
রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৩ জন। অন্যদিকে, নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৪ জন।
গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জন। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৪ হাজার ৭৮৩ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ১৮৩ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে।
এসএস