সর্বহারা চরমপন্থিদের অবাধ বিচরণে আতঙ্কের জনপদে পরিণত হয়েছিল সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলা। চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও হত্যাকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করত চরম আতঙ্ক। তবে সময়ের ব্যবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানের পাশাপাশি দফায় দফায় আত্মসমর্পণের মধ্য দিয়ে জেলাগুলোতে চরমপন্থিদের তৎপরতা অনেকটাই কমে এসেছে।
স্বাভাবিক জীবনে ফিরেছেন বিভিন্ন চরমপন্থি সংগঠনের অনেক সদস্য। এরই ধারাবাহিকতায় এবার সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার আরও ৭০ জন উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত ৬৫ চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নিয়েছেন।
রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর প্রধান কার্যালয়ে তাদের আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসআরবি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমীনের কাছে চরমপন্থি সর্বহারা দলের সদস্যরা আত্মসমর্পণ করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসআরবির মহাপরিচালক আহসান হাবিব পলাশ।
এ ছাড়া অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, এসআরবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
এসআরবি-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো : আতিকুর রহমান মিয়া বলেন, সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৭০ জন করার কথা থাকলেও উপস্থিত ৬৫ চরমপন্থি আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আত্মসমর্পণকারীদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের চরমপন্থি তৎপরতা থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণকারীরা সমাজের মূলধারায় ফিরে আসার সুযোগ পাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক রাখতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
আল-আমিন/টিআই