ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চট্টগ্রামে শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:২০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় একটি মিনিবাস উল্টে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে এবং কয়েকটি দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের কুমিরা এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফটকের বিপরীতে এক সহপাঠীকে নিয়ে স্থানীয় বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলেন মাইশা। এ সময় পেছন থেকে একটি লরি ৮ নম্বর রুটের একটি মিনিবাসকে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়েন মাইশা।
আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থীকে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, ঢাকামুখী লেনে ইউটার্ন নেওয়ার সময় একটি প্রাইভেটকারকে বাঁচাতে গিয়ে লরিটি নিয়ন্ত্রণ হারায়। পরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মিনিবাসটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়।
দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা লরির চালক ও মালিককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামনে ডিপোর অবৈধ পার্কিং বন্ধ, ফুটওভার ব্রিজ নির্মাণ এবং মহাসড়কের দুই পাশে পুলিশ বক্স স্থাপনের দাবি তোলেন তারা।
শিক্ষার্থীরা জানান, এসব দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যৌক্তিক আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চলবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের সামনে নিরাপদে সড়ক পারাপারের ব্যবস্থা নিশ্চিত করতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও।

    এফএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝