এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুখবর! সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে আবেদনপ্রক্রিয়া। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দিতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য ফি ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে এ পরীক্ষা।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
যেভাবে আবেদন করবেন
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে www.dhakaeducationboard.gov.bd শিগগির প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করতে হবে। পরীক্ষার প্রয়োজনীয় ফি সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। টাকা জমার রসিদ শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ৮ নভেম্বর।
ব্যাংকে পরীক্ষার ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা অ্যাকটিভ হবে। এরপর তালিকা যাচাই করে পরীক্ষার্থীদের স্বাক্ষর নিতে হবে। পাশাপাশি তালিকার প্রতিটি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর থাকতে হবে। পরীক্ষার্থীদের স্বাক্ষরসহ চূড়ান্ত তালিকার একটি প্রিন্ট কপি শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একই নামে একাধিক শিক্ষার্থী থাকলে রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে প্রকৃত পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কারও নাম নির্বাচিত না হয়। এ ধরনের ভুলের জন্য যাবতীয় দায়ভার প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।
এ ছাড়া সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে টাকা জমার রসিদ এবং পরীক্ষার্থীদের স্বাক্ষরসহ চূড়ান্ত প্রিন্ট আউট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।
কোন সিলেবাসে পরীক্ষা হবে
নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে শিক্ষা বোর্ডের ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসারে।
সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি কত
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে বিষয় ও পরীক্ষার ধরন অনুযায়ী শিক্ষার্থীদের নির্ধারিত ফি দিতে হবে। ফি নির্ধারণ করা হয়েছে-
তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়: ১২৫ টাকা (নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী)।
ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়: ২৫ টাকা।
এইচএসসি পরীক্ষার কেন্দ্র ফি: জনপ্রতি ৪৫০ টাকা।
কেন্দ্র ফি পরীক্ষার্থীদের কাছ থেকে নিয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
তত্ত্বীয় বিষয়ের আদায় করা কেন্দ্র ফি থেকে প্রত্যেক কলেজ নিজস্ব ব্যয় নির্বাহের জন্য ১০ শতাংশ টাকা রাখতে পারবে। বাকি ৯০ শতাংশ অর্থ পরীক্ষাকেন্দ্রের ব্যয়ভার নির্বাহের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিতে হবে।
এ ছাড়া বোর্ড অফিস থেকে অব্যবহৃত উত্তরপত্র ও পরীক্ষা-সংশ্লিষ্ট অন্যান্য সরঞ্জাম সংগ্রহের প্রয়োজনীয় খরচও কেন্দ্র ফি থেকে বহন করতে হবে। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের যাবতীয় ব্যয় কেন্দ্র ফি থেকেই নির্বাহ করতে হবে।
এসএ