কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে গামা ইরেডিয়েশন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেছেন, এই প্রযুক্তি ক্ষতিকর নয়; বরং দ্রুত পচনশীল কৃষিপণ্য সংরক্ষণ ও জীবাণুমুক্ত করার ক্ষেত্রে বিশ্বব্যাপী এর ব্যবহার রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) গামা ইরেডিয়েশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের আমসহ বিভিন্ন কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। তবে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে এসব পণ্য রপ্তানি করতে হলে গুণগত মানের নিশ্চয়তা দিতে হবে। গামা ইরেডিয়েশন প্রযুক্তি সেই নিশ্চয়তা দিতে সহায়তা করবে। দ্রুত পচনশীল কৃষিপণ্যের পচন রোধ এবং জীবাণুমুক্ত করার জন্য এ প্রযুক্তি চালু করা হচ্ছে।
তিনি আরও বলেন, গামা ইরেডিয়েশন প্রযুক্তি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই ব্যবহৃত হচ্ছে। তাই এ প্রযুক্তি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
অনুষ্ঠানে বিনার পরিচালক লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, কৃষি সচিব মো. সেলিম খান এবং বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার আবাসিক প্রতিনিধিসহ অন্যরা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন) ড. শরীফুল হক ভূঁইয়া। পরে কৃষিমন্ত্রী গামা ইরেডিয়েশন সেন্টারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চীনের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রফিক সরকার/ টিআই