রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ২৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, মোবাইলফোন, নগদ টাকা ও একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মিরপুর বিভাগে ১৭৫ জন, গুলশান বিভাগে ৩৭ জন এবং উত্তরা বিভাগে ৩৪ জন রয়েছেন।
অভিযানকালে পুলিশ ১ হাজার ৪০ পিস ইয়াবা, ৯০ পুরিয়া হেরোইন ও ২২২ পুরিয়া গাঁজা উদ্ধার করে। এ ছাড়া ৫টি মোবাইলফোন, ২টি চাকু, ১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল, নগদ ১৩ হাজার ৮২০ টাকা এবং দুজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
আরএন