রাজধানীর মিরপুর-১০ নম্বরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। মাসিক সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে সড়কে অবস্থান নেন শত শত শ্রমিক। এতে মিরপুর-১০ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার সকাল ১০টা থেকেই মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ নম্বর এলাকায় জড়ো হতে থাকেন। পরে বেলা ১১টার দিকে শ্রমিকদের সংখ্যা বাড়লে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের মূল দাবি, মাসিক সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে এর আগেও গত বৃহস্পতিবার একই এলাকায় সড়ক অবরোধ করেছিলেন তারা।
ওইদিন সকাল ১০টা থেকে মিরপুর-১০ নম্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এর দুই দিনের মাথায় শনিবার আবারও একই দাবিতে সড়কে নেমেছেন তারা।
বারবার শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মিরপুর-১০ এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
আরএন