ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ছাত্রী ১ হাজার ১১৯ জন এবং ছাত্র ১ হাজার ১৮ জন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদত উল্লাহ।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক ও কলেজ পরিদর্শক প্রফেসর এস.এম. আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. আ খ ম কামাল হাসান।
বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ৭৩ হাজার ৪২০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭০ হাজার ৬৭৩ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৩৭ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৬৩৬ জন।
এ বছর মোট উত্তীর্ণ হয়েছেন ৩৬ হাজার ৩৫৪ জন। তাঁদের মধ্যে ছাত্র ১৫ হাজার ৬৪৭ জন এবং ছাত্রী ২০ হাজার ৭০৭ জন। অর্থাৎ পাসের সংখ্যায়ও ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন।
ফলাফলে দেখা গেছে, জিপিএ-৫ পাওয়া ২ হাজার ১৩৭ জন ছাড়াও জিপিএ ৪ থেকে ৫-এর মধ্যে পেয়েছেন ৮ হাজার ১৯৫ জন। জিপিএ ৩ দশমিক ৫০ থেকে ৪-এর মধ্যে পেয়েছেন ৮ হাজার ৫১৮ জন শিক্ষার্থী।
এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১১৩টি কেন্দ্রে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচটি। অন্যদিকে ১৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।
বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। অন্যদিকে মানবিক বিভাগে পাসের হার ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪২ দশমিক ৭২ শতাংশ।
জেলাভিত্তিক ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে ময়মনসিংহ জেলা। এ জেলায় পাসের হার ৫৯ দশমিক ৩৩ শতাংশ। এ ছাড়া শেরপুর জেলায় ৪৫ দশমিক ৬৫ শতাংশ, নেত্রকোনা জেলায় ৪৩ দশমিক ৯১ শতাংশ এবং জামালপুর জেলায় ৪৩ দশমিক ৩৫ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।