ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আগামী ৭ দিনের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৯:৫৯ পিএম
X
Advertisement

তৈরি পোশাক শিল্পে উদ্ভূত শ্রম অসন্তোষ নিরসন ও শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে আগামী এক সপ্তাহের (৭ দিন) মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ‘সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন’ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সিদ্ধান্ত জানান।

মন্ত্রী বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল মজুরি বোর্ড নিয়ে ভুল তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। শ্রমিক নন অথচ শ্রমিক সংগঠনের নেতা সেজে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত চলছে। এ বিষয়ে মালিক, শ্রমিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই সজাগ রয়েছে।’

সরকারের স্পষ্ট বার্তা তুলে ধরে তিনি বলেন, ‘ইতিমধ্যে মালিক ও শ্রমিক উভয় পক্ষ থেকে প্রতিনিধির তালিকা পাওয়া গেছে। আগামী ৭ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে গেজেট জারি করা হবে।’

সভায় মন্ত্রী কারখানা মালিকদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, ‘প্রতি মাসের সপ্তম কর্ম দিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া ও নিয়মিত মজুরি পরিশোধ করতে হবে।’​

তিনি জানান, সভায় শিল্পাঞ্চলের সার্বিক সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা রক্ষায় একটি বিশেষ সমন্বিত মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় সংসদ সদস্যগণ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর (গাজীপুর), বিজিএমইএ, বিকেএমইএ, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই সেলে যেকোনও সমস্যা জানানো হলে জেলা প্রশাসক আলোচনার মাধ্যমে তা দ্রুত সমাধান করবেন। অযথা রাস্তায় বিশৃঙ্খলা তৈরি না করে এই সেলে তথ্য পাঠিয়ে সমস্যা নিরসনের জন্য সবাইকে আহ্বান জানান।  

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়ার (ডিসি) সভাপতিত্বে এবং শ্রম ও কর্মসংস্থান সচিব আব্দুর রহমান তরফদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইনসহ মালিক-শ্রমিক প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement