নওগাঁয় এক হাজার টাকার ২৫টি জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চকবাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল জব্বার আলেক শিকদারের ছেলে। তিনি ওই এলাকার রুহুল আমিনের বাসায় ভাড়া থাকতেন।
বুধবার রাত ১০টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সদর উপজেলার চকবাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় রুহুল আমিনের বাসার এক ভাড়াটিয়া জাল নোট বাজারজাত করার উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়। পরে বাসায় তাঁর হেফাজত থেকে উপস্থিত লোকজনের সামনে এক হাজার টাকার ২৫টি জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রুহুল আমিনের বাসার এক ভাড়াটিয়া জাল নোটের কারবার করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে আব্দুল জব্বারকে এক হাজার টাকার ২৫টি জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, যেকোনো অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।