আসন্ন অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে খাদ্যশস্য সংরক্ষণ ও বস্তাবন্দীকরণের জন্য এক কোটি পিস নতুন পাটের বস্তা কিনবে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা। প্রতি পিস বস্তার গড় মূল্য পড়বে ৬৩ টাকা ৪২ পয়সা।
বুধবার (২৮ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, খাদ্য অধিদপ্তর উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সরকারি ক্রয়সংক্রান্ত অনলাইন ব্যবস্থায় ৩০ কেজি ধারণক্ষমতাসম্পন্ন এক কোটি পিস নতুন পাটের বস্তা কেনার উদ্যোগ নেয়। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে খাদ্যশস্য বস্তাবন্দীকরণের জন্য এসব বস্তা ব্যবহার করা হবে।দরপত্র আহ্বানের পর ৪১ প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট এক হাজার ১৪টি দরপত্র জমা পড়ে। এর মধ্যে ২৭ প্রতিষ্ঠানের ৭২৭টি দরপত্র কারিগরি ও আর্থিক বিবেচনায় গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।
দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে ছয়টি গ্রহণযোগ্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে এক কোটি পিস পাটের বস্তা কেনার প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা।
এ অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।প্রস্তাবের তথ্য অনুযায়ী, বস্তা কেনার জন্য সুপারিশ করা দর দাপ্তরিক প্রাক্কলিত দরের চেয়ে এক দশমিক ৫৭৪ শতাংশ বেশি। প্রতি পিস বস্তার গড় মূল্য ৬৩ টাকা ৪২ পয়সা নির্ধারণ করা হয়েছে।সরকারের অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের পর তা সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য বস্তার প্রয়োজন হয়। আসন্ন আমন সংগ্রহ মৌসুম সামনে রেখে এক কোটি পিস নতুন পাটের বস্তা কেনার এ উদ্যোগ নেওয়া হয়েছে।
টিআই