চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নদীর রামদাস মুন্সীর হাট অংশ থেকে মোহরা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে তিনটি অবৈধ ভাসা জাল ও একটি বেহুন্দি জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য দুই হাজার মিটার এবং বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর।
হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ হালদা নদী কার্পজাতীয় মাছের প্রজননের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষা এবং নদীর অন্যান্য মাছের সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, হালদা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধভাবে মা মাছ শিকার ও ধ্বংসাত্মক জালের ব্যবহার বন্ধে মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জব্দ করা জালগুলো রামদাস মুন্সীর হাটসংলগ্ন হালদা নদীর পাড়ে জনসমক্ষে বিনষ্ট করা হয়।
অভিযানে হালদা অস্থায়ী ক্যাম্পের এএসআই রমজান আলী ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা এবং হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর সহযোগিতা করেন।
ইউএন/আরএন