ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নওগাঁয় ১.৯ টন সরকারি চাল জব্দ, ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ পিএম আপডেট: ২৮.১০.২০২৬ ৮:৫৬ পিএম
X
Advertisement

নওগাঁর বদলগাছীতে দুস্থ নারীদের জন্য বরাদ্দ ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ১ হাজার ৯০০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসব চাল অবৈধভাবে কেনা ও মজুত রাখার অভিযোগে ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের পাশে একটি গুদামে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। এ ঘটনায় বুধবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদী হয়ে বদলগাছী থানায় মামলাটি করেন।

বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া বুধবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্ত ও গ্রেপ্তার-প্রক্রিয়া চলমান থাকায় অভিযুক্ত ১১ ব্যবসায়ীর নাম-পরিচয় জানাননি তিনি।

উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপজেলার অসচ্ছল ও দুস্থ নারীদের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, চাল পাওয়ার পর কয়েকজন উপকারভোগী তা ইউনিয়ন পরিষদের বাইরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিলেন। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। পরে কোলা ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদাম থেকে ১ হাজার ৯০০ কেজি চাল জব্দ করা হয়।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনূর ইসলাম স্বপন বলেন, ঘটনার সময় তিনি পরিষদের কাজে বাইরে ছিলেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘১ হাজার ৯০০ কেজি চাল জব্দ করা হয়েছে। উপকারভোগীরা পরিষদ থেকে চাল তুলে বাইরে বিক্রি করছিলেন। আমার পরিষদের ভেতরে চাল বিক্রির কোনো ঘটনা ঘটেনি।’

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ বলেন, চাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। জব্দ করা চাল প্রশাসনের হেফাজতে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার কোলা ইউনিয়ন পরিষদের পাশে একটি গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ কেজি চাল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement