খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণের হার ৮০ থেকে ৯০ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সর্বশেষ রিপোর্ট এবং খুলনা জেনারেল হাসপাতালসহ কেসিসি পরিচালিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিদর্শনের ভিত্তিতে এ তথ্য জানা গেছে বলে তিনি উল্লেখ করেন।
বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
কেসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা প্রদানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের ভূমিকা প্রশংসনীয়। ডেঙ্গু সংক্রমণ কমাতে প্রধানমন্ত্রী তিন মাসের কর্মসূচি ঘোষণা করেছিলেন। এর মধ্যে আরও এক মাস সময় রয়েছে। এ সময়ে সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ ও তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে ডেঙ্গু নির্মূলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে নজরুল ইসলাম মঞ্জু হাসপাতালের অন্যান্য ওয়ার্ড, সার্বিক পরিবেশ এবং হাসপাতালের সামনের যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। হাসপাতালের সামনে যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে আরও স্বয়ংসম্পূর্ণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে বলেও জানান।
এ ছাড়া কেসিসি প্রশাসক নগরীর ১৮ ও ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চলমান পরিচ্ছন্নতা অভিযানের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম, তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএস/আরএন