কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা ইসমত আরা (৫৫) ও আয়েশা (১০)। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুর বলে জানা গেছে।
আহতরা হলেন প্রাইভেটকারচালক আশিকুর রহমান (২৭) এবং ইসমত আরার ছেলে সম্রাট (৩০)।
জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় স্বাধীন ট্রাভেলসের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা একই পরিবারের দুই সদস্য নিহত হন এবং আরও দুজন আহত হন।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাস ও প্রাইভেটকারটি জব্দ করে হেফাজতে নিয়েছে হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরএন