স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে। হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের অতি আপনজন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৬৫টি পূজামণ্ডপে নিজস্ব তহবিল থেকে নগদ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ করে না। গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতি ভালোবাসার প্রমাণ দিয়েছেন। বিএনপিও প্রমাণ করেছে, তারাও হিন্দু সম্প্রদায়ের মানুষের আপনজন।
প্রতিমন্ত্রী আরও বলেন, শারদীয় দুর্গাপূজা যেন সারা দেশে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হতে পারে, সে জন্য সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। তাঁদের সামাজিক নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, একসময় একটি রাজনৈতিক দল মনে করত, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের রাজনৈতিক সম্পদ। কিন্তু গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভোটের মাধ্যমে প্রমাণ করেছেন, তাঁরা কোনো দলের দাসত্ব করেন না।
দুর্গাপূজা উপলক্ষে এবার ছুটি এক দিন বাড়ানো হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারিভাবে প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চালের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু নারীদের জন্য শাড়ির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বিএনপির নেতাকর্মীরাও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন।
মীর শাহে আলম বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে মন্দির পরিদর্শন করবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করবেন। এটি সব ধর্মের মানুষের প্রতি সরকারের সমান দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
১১-দলীয় জোটের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নিয়ে জোটটি এখন বিরোধী দলের আসনে বসে দায়িত্বহীন আচরণ করছে। ভঙ্গুর অর্থনীতির পরিস্থিতিতে বিএনপি জনগণের সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস। এরই মধ্যে বিরোধী দলের এক দফা দাবির কথা বলা হাস্যকর। দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক এবং সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল।
অনুষ্ঠানে দুই এলাকার পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
-টিএস