সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আট প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি দুর্গম সীমান্ত এলাকায় স্থাপন করা হয়েছে বিশেষ বেইস ক্যাম্প।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী কাইতকোনা দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আট কিলোমিটারের মধ্যে থাকা ২২টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে থাকা ২০টিসহ মোট ৪২টি পূজামণ্ডপকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।
১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবির আটটি প্লাটুন পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক টহল এবং বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করবে। এ ছাড়া দুর্গম সীমান্ত এলাকার নিরাপত্তা তদারকির সুবিধার্থে একটি বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘নিয়মিত সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রমের পাশাপাশি প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি তৎপর রয়েছে। অসাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে পূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে আমরা বদ্ধপরিকর।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন, পূজামণ্ডপ পরিচালনা কমিটি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিজিবি সদস্যরা মাঠে সতর্ক অবস্থানে রয়েছেন।’
-টিএস