ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:২৬ পিএম
X
Advertisement

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার সুবর্ণাবাদ ও নাজিরের ঘের এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের মৃত মাহতাব উদ্দিন খানের ছেলে মোক্তার হোসেন খান (৫৩) এবং নাজিরের ঘের গ্রামের রহিম বক্স মোল্লার ছেলে আসাদুল ইসলাম মোল্যা (৪৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন-এর নেতৃত্বে বৃহস্পতিবার রাত থেকে অভিযান শুরু হয়। শুক্রবার ভোরে সুবর্ণাবাদ এলাকা থেকে মোক্তার হোসেন খানকে এবং পরে নাজিরের ঘের এলাকা থেকে আসাদুল ইসলাম মোল্যাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল জলিল সানা বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় মামলা করেন। মামলায় হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

নিহতের ভাই আব্দুল জলিল সানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর তাঁর ভাইয়ের কিছুটা মানসিক সমস্যা দেখা দেয়। তাঁর দুটি সন্তান রয়েছে। ধর্ম অবমাননার অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন আব্দুল জলিল সানা।

দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, ঘটনার শুরু থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

-টিএস/এমজেডআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement