গত ১৭-১৮ বছরের রাজনৈতিক পরিস্থিতি পেরিয়ে দেশে স্বাভাবিক জীবন ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এই স্বাভাবিক পরিবেশ ধরে রেখে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘১৭-১৮ বছর বাংলাদেশে ভালো ইতিহাস ছিল না। আমরা একেকজন একেকভাবে ওই পরিস্থিতি মোকাবিলা করেছি। আজকে একটা স্বাভাবিক জীবন এসেছে। এই স্বাভাবিক জীবন পাব, গত তিন বছর আগেও আমরা তা চিন্তা করিনি। কিন্তু আমরা পেয়েছি। এই স্বাভাবিক জীবনটাই আমাদের ধরে রাখতে হবে।’
তিনি বলেন, এত দিন রাজনৈতিক লড়াই করেছেন, এখন জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে। অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই লক্ষ্যে পৌঁছাতে হবে। এ জন্য যে যেখানে আছেন, সেখান থেকেই সবাইকে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে সামনের দিনগুলো পার করতে হবে।
দলমত-নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে নিয়মিত উন্নয়নমূলক কাজের মাধ্যমেও বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সবাই মিলে সহযোগিতা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করা এ মুহূর্তে জরুরি। দেশের মানুষের প্রয়োজনে নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে হবে। গত ১৭ বছরের পরিস্থিতির বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সরকার গঠন হয়েছে। আগে নির্বাচনী প্রক্রিয়া ছিল না, এখন নতুনভাবে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এ যাত্রাকে অনেক দূর এগিয়ে নিতে হবে।
দেশের আর্থসামাজিক পরিস্থিতি তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশে এখনো অভাব-অনটন রয়েছে। স্বাধীনতার পর থেকে এসব প্রতিকূলতার মধ্য দিয়েই দেশকে এগোতে হচ্ছে। কিন্তু স্বাভাবিক জীবন নিশ্চিত করা না গেলে শিক্ষা, সামাজিক অবস্থান, সচেতনতা, সমাজসেবা কিংবা মানবকল্যাণে নিয়োজিত থাকার প্রকৃত মূল্য থাকে না।
তিনি আরও বলেন, সারাদেশে সরকার কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করেছেন। তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবদ্দশায় মাত্র সাড়ে তিন বছরে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও সংগ্রামী জীবনের কথা উল্লেখ করে এ্যানি বলেন, তাঁর নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে নির্যাতন ও অত্যাচারের শিকার হতে হয়েছে। একই পরিবারের একজন জনপ্রিয় রাষ্ট্রপতি, একজন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং বর্তমানে আরেকজন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন।
রাজনৈতিক সহনশীলতার ওপর গুরুত্ব দিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, সংসদে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, অনেক সময় সুন্দর বিতর্কও হয়। কিন্তু সংসদের বাইরে গিয়ে সেই আলোচনার ইতিবাচক পরিবেশ সব সময় ধরে রাখা যায় না। অনেক সময় উত্তেজিত হয়ে নতুন কর্মসূচিতে যাওয়ার চেষ্টা করা হয়, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সব দিক বিবেচনা করে দায়িত্বশীলতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, পরিষদের উপদেষ্টা সদস্য অধ্যাপক জেডএম ফারুকী, অধ্যাপক জাকির হোসেন, আইনজীবী হাফিজুর রহমান ও শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি সেলিম উদ্দিন নিজামী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন কিরণসহ অন্যরা।
-টিএস