ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সবজির বাজার চড়া, অস্বস্তি কাটছে না মাছ-মুরগিতেও
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ২:০০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আবার চড়েছে সবজির দাম। কোনো কারণ ছাড়াই কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের সবজি। একই সঙ্গে সপ্তাহের ব্যবধানে চড়া দামেই অপরিবর্তিত রয়েছে মাছ ও মুরগির বাজার। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর শেওড়াপাড়া ও আগারগাঁও বাজার ঘুরে নিত্যপণ্যের এমন চড়া চিত্রের তথ্য মিলেছে।

বাজার ঘুরে দেখা যায়, পর্যাপ্ত সরবরাহ থাকলেও গ্রীষ্মকালীন ও শীতকালীন—দুই ধরনের সবজির দামই বাড়তি। গ্রীষ্মকালীন সবজির মধ্যে পটল, ঢ্যাঁড়শ ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। কেজিতে ২০ টাকা বেড়ে গোল ও লম্বা বেগুন ৮০ থেকে ১২০ টাকা এবং কাঁচামরিচ ১২০ থেকে ১৪০ টাকায় ঠেকেছে। এ ছাড়া টমেটো ১৮০ থেকে ২০০ টাকা, গাজর ১০০ থেকে ১২০ টাকা এবং জলপাই ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। তবে বাজারে পেঁপে ১৫-২০ টাকা, আলু ৩০ টাকা এবং পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে কিছুটা স্থির রয়েছে।

এদিকে শীতের আগাম সবজির দরও বেশ চড়া। বাজারে মানভেদে নতুন শিম ১৮০ থেকে ২০০ টাকা এবং নতুন আলু ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া মুলা ৬০ টাকা, ফুলকপি ৫০ থেকে ৮০ টাকা এবং ছোট আকারের বাঁধাকপি ৪০ থেকে ৬০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে। অন্য সবজির মধ্যে কচুর লতি ৮০ টাকা, কচুরমুখি ৫০ থেকে ৬০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, চালকুমড়া ৬০ থেকে ৭০ টাকা (পিস) এবং ক্যাপসিকাম ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। লেবুর হালি ৩০ থেকে ৪০ টাকা হলেও চড়া দামে দেশি ধনেপাতা ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য পণ্যের তুলনায় শাকের বাজার কিছুটা স্বস্তিদায়ক; লালশাক ১৫ টাকা আঁটি, পুঁইশাক ৪০ টাকা এবং লাউশাক ৫০ টাকা আঁটিতে মিলছে।

অন্যদিকে মুরগি ও ডিমের বাজারেও রয়েছে চড়া ভাব। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা, সোনালি কক ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ২৯০ টাকা, লাল লেয়ার ৩৬০ টাকা এবং দেশি মুরগি ৬৭০ টাকায় বিক্রি হচ্ছে। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়, হাঁসের ডিম ২০০ টাকা এবং দেশি মুরগির ডিম ১০০ টাকা হালিতে বিক্রি হতে দেখা গেছে।

মাছের বাজারেও নেই কোনো সুখবর। আকারভেদে প্রতি কেজি চাষের রুই ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, চাষের শিং ৩৫০ থেকে ৬০০ টাকা, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকা, বোয়াল ৬৫০ থেকে ৮০০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতাদের পছন্দের পাঙ্গাশ ১৮০ থেকে ২২০ টাকা ও তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা কেজিতে গিয়ে ঠেকেছে।

তবে মাংসের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি ও আমিষের এই অনিয়ন্ত্রিত দরবৃদ্ধিতে বাজারে আসা সাধারণ ও সীমিত আয়ের ক্রেতারা তীব্র অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, নিত্যপণ্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয় সামলাতে তাদের চরম নাভিশ্বাস উঠছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement