নড়াইল সদর উপজেলার গোবরা মিত্র কলেজের সামনে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে গোবরা বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা রানী সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলশেখালী গ্রামের বাসিন্দা। তিনি গণেশ সরকারের স্ত্রী এবং পেশায় রংমিস্ত্রি ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মুশুড়িয়া গ্রামের একটি বাড়িতে রং করার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মুক্তা রানী। পরে গোবরা বাজারে পৌঁছে সহকর্মী নির্মল সর্দারের মোটরসাইকেলে করে মুশুড়িয়ার দিকে যাচ্ছিলেন তিনি।
পথে গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন মুক্তা রানী। এ সময় ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির চালক পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এফএস