জমি নিয়ে বিরোধের জেরে কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ছত্রখিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত কাউছার স্থানীয় আরেক নেতা কবিরের ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, ছত্রখিল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার একটি সালিশ বৈঠক হয়। এর পরদিন শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমির কাছে গেলে কাউছারের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় তাঁকে মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
পরে তাঁকে কুমিল্লা ট্রমা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
-টিএস/আনোয়ার হোসাইন