চট্টগ্রামের ফটিকছড়িতে সকাল থেকে নিখোঁজ থাকার পর তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা এলাকার একটি প্রতিবেশীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মসজিদের মাইকে শিশুটির নিখোঁজের খবর প্রচার করা হয়। বিকেলে পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির সন্ধানে তল্লাশি শুরু করে। পরে রাত ৯টার দিকে প্রতিবেশীর বাড়ির একটি আলনার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এফএস