বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অনুমোদন ছাড়াই ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতির কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন খাতে শ্রমিকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, ‘আদমদীঘি উপজেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতি’ নামে একটি সংগঠন সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট, মালশন, দোগাছী ও স্টেশন রোড স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে অটোরিকশা চালকদের কাছ থেকে বিভিন্ন নামে অর্থ আদায় করছে। সংগঠনের সদস্য হতে ৩০০ টাকা, সিরিয়ালে গাড়ি চালাতে ২০ টাকা, মালিকের বইয়ের জন্য ৫০০ টাকা এবং চালকের লাইসেন্স বইয়ের জন্য ২০০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬০০ অটোরিকশা শ্রমিককে নিয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযোগ অনুযায়ী, এসব অর্থ আদায়ের পর আয়-ব্যয়ের কোনো হিসাব শ্রমিকদের জানানো হয় না। এছাড়া সংগঠনের নামে অনুমোদনবিহীন লাইসেন্স বই ও নেমপ্লেট ব্যবহারের অভিযোগও রয়েছে। সদস্য ভর্তি ও অর্থ আদায়সহ কার্যক্রমগুলো ‘শুভ’ নামে এক ক্যাশিয়ারের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শ্রমিকদের অভিযোগ, নিয়মিত অর্থ নেওয়া হলেও বিভিন্ন উৎসব, ধর্মীয় অনুষ্ঠান বা শ্রমিকদের কল্যাণে সংগঠনের পক্ষ থেকে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা দেওয়া হয় না। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অটোরিকশা মালিক সমিতির ক্যাশিয়ার শুভ জানান, পৌরসভার লাইসেন্স পরিদর্শক আলমের অনুমতি নিয়ে একসময় কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। তবে বর্তমানে তা বন্ধ রয়েছে। সিরিয়াল, ভর্তি ও রেজিস্ট্রেশনের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
সান্তাহার পৌরসভার মুখপাত্র ও সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার বলেন, পৌরসভার নাম ব্যবহার করে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। পৌরসভা থেকে এ ধরনের কোনো লাইসেন্স বা বই ইস্যু করা হয়নি।
বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএস