কক্সবাজার সদর হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছে অস্ত্র মামলায় গ্রেপ্তার ইব্রাহিম নামে এক রোহিঙ্গা যুবক। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলার পুরুষ ওয়ার্ড থেকে সে পালিয়ে যায়।
পলাতক ইব্রাহিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোছনী ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ সলিমের ছেলে।
জানা গেছে, ইব্রাহিম কক্সবাজার সদর হাসপাতালের পঞ্চম তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। রাতে বেডে থাকা অবস্থায় হাতকড়া পরা ইব্রাহিম সবার অগোচরে পালিয়ে যায়। ওই সময় তার পাহারায় পুলিশ লাইন্সের এক এএসআই ও দুই কনস্টেবল দায়িত্বে ছিলেন।
এর আগে, গত ২৫ সেপ্টেম্বর সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকায় স্থানীয় যুবক জাকির হোসেনকে অপহরণের চেষ্টা করার সময় ইব্রাহিম ও নুরুল আলম নামে দুই রোহিঙ্গা যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ জানায়, আটকের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা করা হয়। প্রথমে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, পলাতক ইব্রাহিমকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
এফএস