ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের মূল কারণ দেশটির পারমাণবিক কর্মসূচি নয় বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সংগঠনটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বির দাবি, ইরানকে খণ্ডিত করা, দেশটির সম্পদ নিয়ন্ত্রণে নেওয়া এবং আবারও নিজেদের প্রভাবাধীন রাষ্ট্রে পরিণত করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য।
মোহেব্বি বলেন, ইরানের জনগণ ও তাদের সম্পদ ‘লুট করা’ এবং দেশটির ভূখণ্ড বিভক্ত করাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের জনগণের কাছে আইআরজিসির পাঠানো চিঠির লক্ষ্য মার্কিন নির্বাচনে প্রভাব ফেলা নয়, বরং যুদ্ধ নিয়ে ‘সত্য তুলে ধরা’ বলেও দাবি করেন তিনি।
আইআরজিসির এই মুখপাত্রের ভাষ্য, ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার সঙ্গে দেশটির পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো সম্পর্ক নেই। তার দাবি, যুক্তরাষ্ট্রও জানে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না।
মোহেব্বি আরও বলেন, ইরানের জনগণ ও সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য। একই সঙ্গে ইরানকে খণ্ডিত করে দেশটিকে আবারও মার্কিন নিয়ন্ত্রণাধীন একটি ঔপনিবেশিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য রয়েছে বলে দাবি করেন তিনি।
তবে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য বক্তব্যে ইরানের পারমাণবিক সক্ষমতা ও কর্মসূচি যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে। সাম্প্রতিক আলোচনাতেও ইরানের পারমাণবিক কর্মসূচি, ছাড় এবং আন্তর্জাতিক পরিদর্শন নিয়ে আলোচনা হয়েছে।
-টিএস