জাপানের ওকিনাওয়া দ্বীপে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এক ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোরে ২৭ বছর বয়সী ওই মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং মার্কিন সেনাদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগের মধ্যেই এ ঘটনা ঘটল।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে মার্কিন সামরিক বাহিনীর এক সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠার পর ওকিনাওয়ায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। এ ঘটনার পর দ্বীপটিতে মার্কিন সেনাদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নতুন কিছু পদক্ষেপ নিতে সম্মত হয় টোকিও ও ওয়াশিংটন। এর এক সপ্তাহের মাথায় নতুন করে এই গ্রেপ্তারের ঘটনা ঘটল।
জাপানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রায় ৫৪ হাজার সদস্য অবস্থান করছেন। তাঁদের অধিকাংশই ওকিনাওয়া দ্বীপে মোতায়েন রয়েছেন। সেখানে মার্কিন সেনাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ দুই ঘনিষ্ঠ মিত্র দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে উদ্বেগ তৈরি করেছে।
এ পরিস্থিতিতে গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা জানান, সাধারণ সেনাসদস্যদের জন্য কারফিউয়ের সময়সীমা আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে মধ্যরাত থেকে ভোর ৫টা পর্যন্ত সেনাসদস্যদের বাড়ির বাইরে গিয়ে মদপানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ওকিনাওয়া প্রিফেকচারাল পুলিশের এক মুখপাত্র এএফপিকে জানান, শনিবার ভোর ৩টা ৯ মিনিটে ওকিনাওয়ার একটি সড়কে গাড়ি চালানোর সময় ওই মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি মার্কিন কর্তৃপক্ষের জারি করা কারফিউ লঙ্ঘন করেছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জাপানের সংবাদমাধ্যম কিয়োডো নিউজ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ক্যাপ্টেন ওকিনাওয়ার কাদেনা বিমান ঘাঁটিতে কর্মরত ছিলেন। এ বিষয়ে মন্তব্য জানতে মার্কিন বিমান ঘাঁটির কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি এএফপি।
সূত্র: এএফপি, কিয়োডো নিউজ।
এসএস